নিজস্ব প্রতিনিধি,ঝালদা:
বনের ধারে হঠাৎই শুরু হল আতঙ্কের দৌড়ঝাঁপ। শনিবার সকালে ঝালদা বনাঞ্চলের খামার বিটের অন্তর্গত পাপড়াহুড়ুম গ্রামে। বন শূকরের তাড়া খেয়ে গুরুতর জখম হলেন এক গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম বছর ষাটের বৃদ্ধ ভগীরথ মাহাত প্রতিদিনের মতোই সকালে গ্রামের পাশের জঙ্গলে গিয়েছিলেন। সেই সময় আচমকাই একটি বিশালাকার বন শূকর জঙ্গল থেকে বেরিয়ে এসে তার দিকে তেড়ে আসে।
অপ্রস্তুত অবস্থায় বৃদ্ধ প্রাণে বাঁচতে দৌড়তে গিয়ে গ্রামের অদূরে মাঠের ধারে হোঁচট খেয়ে পড়ে যান । এতে তার কাঁধ ও হাতে গুরুতর আঘাত লাগে। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে পরিবারের সদস্যরা ভগীরথবাবুকে উদ্ধার করে ঝালদা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।



Post Comment