বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ করতে হবে প্রত্যাহার৷ এমন দাবি নিয়ে পুরুলিয়া শহরে পথে নামলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল বোর্ডের নির্দেশে এবং পুরুলিয়া ঈদগা ষোলো আনা কবরস্থান কমিটির পরিচালনায় শুক্রবার দুপুরে নামাজ আদার পর পুরুলিয়ার বিভিন্ন জায়গার মুসলিম ধর্মাবলম্বী মানুষজন একে অপরের হাত ধরে কসাই মহল্লা বড় মসজিদ থেকে শুরু করে ভগৎ সিং মোড়, বড় হাটের মোড় দিয়ে কোর্ট মোড় পর্যন্ত দীর্ঘ মানববন্ধন তৈরি করে বিল প্রত্যাহার করার দাবি জানান।

ছিল প্রখর রৌদ্র। মানব বন্ধন কর্মসূচিতে দেড় হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। তীব্র রোদ উপেক্ষা করে এদিনের কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত।
মানব বন্ধনে অংশগ্রহণকারী শেখ রাজু বলেন, ওয়াকফের সম্পত্তি মুসলিমদের নিজস্ব সম্পত্তি। এতে সরকারের হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। এই বিল আমরা মানব না। ভবিষ্যতে আরও বড়ো আন্দোলনে নামব।”
মোহাম্মদ আব্বাস আনসারী বলেন, নতুন আইনে ওয়াকফ কমিটিতে অমুসলিম ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে ওয়াকফের সম্পত্তি খরচে অন্যের অনুমতি লাগবে। এ সংবিধান বিরোধী। এ আইন প্রত্যাহার করতে হবে।”











Post Comment