insta logo
Loading ...
×

পাহাড় তুমি কার? মালিকানা বিতর্ক তুমুল ঝালদায়

পাহাড় তুমি কার? মালিকানা বিতর্ক তুমুল ঝালদায়

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

গ্রামের এক প্রাচীন পাহাড় ঘিরে ঝালদা থানার জারগো এলাকায় নতুন করে মালিকানা-সংক্রান্ত বিরোধ সামনে এসেছে। ফুলটুঙড়ি পাহাড়কে কেন্দ্র করে স্থানীয়দের একাংশ ও এক পরিবারের মধ্যে মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। বিষয়টি ঘিরে প্রশাসনিক হস্তক্ষেপের দাবিও উঠেছে।
বীণাপানি মহিলা সমিতির সদস্য জায়ত্রী মাহাত ও রিতা পরামানিকের অভিযোগ, পাহাড়টি দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা সাধারণভাবে ব্যবহার করছিলেন। সম্প্রতি গ্রামের নরেন মাহাত সেটি ব্যক্তিগত নামে রেকর্ড করিয়ে নিয়েছেন বলে তাদের দাবি। তারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। সমিতির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, পাহাড়টি সরকারি বা খাস জমি হলে তা দ্রুত যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তাঁরা বিষয়টি উচ্চতর মহলে জানাবেন।
অভিযোগের আরেকটি দিক হলো, কয়েকদিন আগে এলাকায় কয়েকটি ছাগল ও একটি গবাদিপশুর অস্বাভাবিক মৃত্যু। সমিতির অভিযোগ, বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে। যদিও এ বিষয়ে এখনো প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। নরেন মাহাতের পরিবারের দাবি, জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং সংশ্লিষ্ট নথিপত্র তাদের কাছে রয়েছে। পরিবারের সদস্য দুঃখিত মাহাতো জানান, পশুমৃত্যুর ঘটনাকে ইচ্ছাকৃত বিষপ্রয়োগ বলে দেখানো হচ্ছে, যা ভিত্তিহীন। তাঁর বক্তব্য, ক্ষেতের কাজে ব্যবহৃত কীটনাশক থেকে দুর্ঘটনাবশত এমন ঘটনা ঘটে থাকতে পারে। প্রয়োজন হলে তারা আইনি পথেই বিষয়টির নিষ্পত্তি করবেন বলেও জানিয়েছেন।

Post Comment