insta logo
Loading ...
×

কোথায় মমতা? কোথায় অভিষেক? চলতি মাসেই পুরুলিয়ায় প্রচারে মেগা শো তৃণমূলের

কোথায় মমতা? কোথায় অভিষেক? চলতি মাসেই পুরুলিয়ায় প্রচারে মেগা শো তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

আসন্ন নির্বাচনের আগে জেলায় প্রচার করতে আসছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । নির্বাচনী জনসভার দিনক্ষণ চূড়ান্ত হতেই প্রস্তুতি শুরু করল পুরুলিয়া জেলা তৃণমূল। প্রথম দফার এই নির্বাচনী প্রচারে রঘুনাথপুর , কাশিপুর ও বাঘমুন্ডি এই তিনটি বিধানসভায় মমতা-অভিষেকের জনসভা থেকেই জেলা জুড়ে সবুজ ঝড় তুলতে চাইছে শাসক দল।

আগামী ২৮ মার্চ পুরুলিয়ায় একাধিক জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা দলীয় সূত্রে খবর, সেদিন কাশিপুরের সেবাব্রতী সংঘের মাঠে তাঁর একটি বড় সভা হবে। একই দিনে রঘুনাথপুর বিধানসভা এলাকাতেও সভা করবেন তিনি। নিতুড়িয়া ব্লকের ইনানপুর ফুটবল মাঠে সেই সভার আয়োজন করা হচ্ছে বলে জানা গিয়েছে।

ওই দিনই পুরুলিয়ায় রাত্রিযাপনের সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর।পরের দিন, অর্থাৎ ২৯ মার্চ মানবাজারে আরও একটি জনসভা করার কথা তাঁর।

এ দিকে, ৩০ মার্চ বাঘমুন্ডিতে সভা রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে সেই সভার স্থান ও সময় এখনও নির্দিষ্ট হয়নি বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

কাশিপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া বলেন, “২৮শে মার্চ প্রথম সভা রঘুনাথপুরে। তারপর কাশিপুরে। তৃণমূলনেত্রীর ওই দুই সভা থেকেই জেলায় সবুজ ঝড় তুলতে চাইছি আমরা।”

পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি রাজীব লোচন সরেন বলেন, “এই তিনটি জনসভা মূলত বিধানসভা ভিত্তিক হলেও লাগোয়া বিধানসভাগুলির মানুষজনও জনসভায় ভীড় জমাবেন।”

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই দিন রানিগঞ্জে মুখ্যমন্ত্রীর প্রথম জনসভা রয়েছে । সেখান থেকে তিনি রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়ায় ও কাশিপুর বিধানসভার সেবাব্রতী সংঘের মাঠে জনসভা করবেন।

Post Comment