সুইটি চন্দ্র, পুরুলিয়া:
পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উৎসব পুরুলিয়ার রাস মহোৎসব আজ রবিবার থেকে শুরু হল জাঁকজমকপূর্ণ আয়োজনে। ধর্মীয় ভক্তি, সংস্কৃতি ও লোক ঐতিহ্যের এক অনন্য সংমিশ্রণে এবছর উৎসব পদার্পণ করল ৭৯তম বর্ষে। পঞ্চমী তিথি থেকে শুরু হওয়া এই মহোৎসব চলবে টানা ১১ দিন।
প্রতিবছরের মতো এবারও মেলায় থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা, অর্কেস্ট্রা ও লোকনৃত্য-সহ বিভিন্ন আকর্ষণ। মেলা প্রাঙ্গণ ভরে উঠেছে পুরুলিয়া, মেদিনীপুর, কলকাতা, বালুরঘাট ও বর্ধমান থেকে আগত দোকানদারদের ভিড়ে। স্থানীয় ও বাইরের হস্তশিল্প, খেলনা, খাবার ও পোশাকের দোকানও জমে উঠেছে রঙিন মেলা।
এ বছর মেলার বিশেষ চমক হিসেবে যুক্ত হয়েছে ‘জলপরী প্রদর্শনী’। এটি এক অভিনব প্রদর্শনী, যেখানে দর্শনার্থীরা বড়সড় অ্যাকুরিয়ামের মধ্যে দেখতে পাচ্ছেন জলপরী – যা শিশু থেকে প্রবীণ সকলেরই দৃষ্টি আকর্ষণ করছে।
রাস কমিটির কোষাধ্যক্ষ মাধব ধীবর বলেন, “এই মেলার খরচ মেটানো হয় স্থানীয় দোকানদার ও উদ্যোক্তাদের কাছ থেকে অনুদান সংগ্রহের মাধ্যমে। জনগণের অংশগ্রহণই রাস মেলাকে করে তোলে পুরুলিয়ার মানুষের নিজস্ব উৎসব।”
পঞ্চমী থেকে শুরু হলেও রাস উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে পুরো মাসজুড়ে। ধর্ম, সংস্কৃতি ও মানুষের মিলনমেলার সাক্ষী হয়ে প্রতিবছরের মতো এবারও পুরুলিয়া শহর রূপ নিয়েছে এক অনন্য উৎসবের।











Post Comment