নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
পুরুলিয়ায় ৩৫ ডিগ্রি ছুঁয়েই দিলো পারদ। মার্চের তৃতীয় দিনেই পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা উঠল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রাও বেড়ে হয়েছে ১৫.২ ডিগ্রি। বৃষ্টির নেই।
ফেব্রুয়ারির শেষ থেকেই যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছিল, মঙ্গলবার দোলের দিনই তা স্পষ্টভাবে গ্রীষ্মের দোরগোড়ায় পৌঁছে দিল জেলাকে। সকাল থেকেই রোদের তেজ ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর পাথুরে ও খোলা এলাকায় তাপের তীব্রতা আরও বেশি অনুভূত হয়েছে। অনেকেই ইতিমধ্যে দুপুরের বাইরে বেরোনো এড়িয়ে চলছেন।
রাতের তাপমাত্রাও আর খুব একটা নামছে না। কয়েক দিন আগে যেখানে ভোরে হালকা শীতের আমেজ ছিল, এখন তা প্রায় উধাও। দিন-রাত মিলিয়ে আবহাওয়ার সামগ্রিক চেহারা গ্রীষ্মমুখী।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আকাশ পরিষ্কার, শুষ্ক বাতাস এবং পশ্চিমাঞ্চলের ভূপ্রকৃতির কারণে পুরুলিয়ায় তাপমাত্রা দ্রুত বাড়ে। মার্চের শুরুতেই ৩৫ ডিগ্রি ছোঁয়া তাই আগাম ভয়ঙ্কর গরমের ইঙ্গিত বলেই মনে করছেন তাঁরা।
দোলের দিনই এই তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বেগও বাড়ছে। বসন্তের উৎসবে দিনের বেলায় গরমের প্রভাবই যে বেশি ছিলো, তার পূর্বাভাস মিলছিল স্পষ্টভাবেই। পুরুলিয়ায় ক্যালেন্ডারে বসন্ত হলেও আবহাওয়ার মেজাজ বলছে—গ্রীষ্ম আর চলে এলো।



Post Comment