insta logo
Loading ...
×

ফেব্রুয়ারিতেই তাপপ্রবাহের পূর্বাভাস? পুরুলিয়ায় পারদ ছুঁল ৩২ ডিগ্রি

ফেব্রুয়ারিতেই তাপপ্রবাহের পূর্বাভাস? পুরুলিয়ায় পারদ ছুঁল ৩২ ডিগ্রি

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ক্যালেন্ডারে এখন সবে ফাল্গুনের শুরু। কিন্তু আবহাওয়ার চরিত্র বলছে অন্য কথা। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩২.০ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রাও লাফিয়ে বেড়ে হয়েছে ১৫.২ ডিগ্রি। বৃষ্টিপাত হয়নি।

মাত্র এক দিনের ব্যবধানে দিনের তাপমাত্রা আরও ০.৫ ডিগ্রি বেড়েছে। তার চেয়েও চোখে পড়ার মতো বৃদ্ধি রাতের তাপমাত্রায়। ১২ ডিগ্রির ঘর পেরিয়ে তা এক লাফে ১৫ ডিগ্রির উপরে। ফলে সকালের হালকা শীতলতার আবেশও প্রায় উধাও। দুপুরের রোদে এখনই গরমের ছোঁয়া স্পষ্ট।

আকাশ কিছুটা মেঘলা, শুষ্ক হাওয়া এবং রোদের তাপের জেরেই তাপমাত্রা দ্রুত ঊর্ধ্বমুখী—মনে করছেন আবহাওয়া পর্যবেক্ষকরা। ফেব্রুয়ারির মাঝামাঝিতে ৩২ ডিগ্রি ছোঁয়া স্বাভাবিক প্রবণতার তুলনায় বেশি বলেই মত অনেকের।

যদি এই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকে, তবে মার্চের আগেই গরমের তীব্রতা বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Post Comment