insta logo
Loading ...
×

ফেব্রুয়ারির শুরুতেই চমক, পুরুলিয়ায় ফের নামল রাতের পারদ

ফেব্রুয়ারির শুরুতেই চমক, পুরুলিয়ায় ফের নামল রাতের পারদ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

ক্যালেন্ডারে বসন্তের মাস শুরু হতে সামান্য ক’টা দিন। পুরুলিয়ায় শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি। ফেব্রুয়ারির প্রথম দিনেই রাতের তাপমাত্রা ফের নেমে গেল ১০ ডিগ্রির নীচে। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শনিবার (১ ফেব্রুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির দেখা মেলেনি।

সকালে রোদের দেখা মিললেও ভোরের দিকে হালকা কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে জেলার বিস্তীর্ণ এলাকায়। শহর ও গ্রাম—দু’ জায়গাতেই ভোরে শীতপোষাকের আড়াল নিয়ে বেরোতে হয়েছে মানুষকে। জানুয়ারির শেষের দিকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও ফেব্রুয়ারির শুরুতেই ফের এই পতন শীতের রেশ টিকিয়ে রাখল বলে মত স্থানীয়দের।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কেটে না যাওয়াতেই রাতে পারদ কিছুটা নামছে। তবে দিনের তাপমাত্রা তুলনামূলক ভাবে বেশি থাকায় শীতের দাপট আর আগের মতো তীব্র নয়। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শীতের আমেজ দ্রুত ফিকে হবে বলেই ইঙ্গিত।

Post Comment