নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জানুয়ারির একেবারে শেষে এসেও রাতের তাপমাত্রা কিছুটা নামল পুরুলিয়ায়। পূর্বাভাস অনুযায়ী রাতের পারদ প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার (৩১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দিনের বেলায় রোদের দেখা মিললেও তেজ ছিল কম। তার জেরেই বিকেল গড়াতেই শীতের আমেজ ফের টের পান বাসিন্দারা। বিশেষ করে ভোরের দিকে হালকা কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। তবে জানুয়ারির শুরুতে যে হাড়কাঁপানো শৈত্যপ্রবাহ দেখা গিয়েছিল, তার পুনরাবৃত্তির সম্ভাবনা এখনই নেই বলে মত আবহাওয়া বিশ্লেষকদের।
আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিছুটা কমতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্থিতিশীল হচ্ছে। ফলে রাতের পারদ সামান্য ওঠানামা করলেও সামগ্রিকভাবে শীত বিদায়ের পথেই। ফেব্রুয়ারির শুরু থেকে দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।


Post Comment