নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
বড়দিনের প্রাক্কালে পুরুলিয়ায় শীতের কামড় আরও তীব্র। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বুধবার জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিনে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে পারদ নেমে গিয়েছে ৭.৫ ডিগ্রিতে—চলতি শীতের মরশুমে যা এখনও পর্যন্ত সর্বনিম্নের মধ্যে অন্যতম।
তবে তাপমাত্রা নিয়ে বিভ্রান্তি কাটছে না। আলিপুর আবহাওয়া দফতরের হিসেবে এ দিন পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা দেখানো হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, সার্কিট হাউসের পিছনে বসানো আলিপুর আবহাওয়া দফতরের তাপমাত্রা পরিমাপক যন্ত্রটি বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে। মেশিন সারানোর জন্য এখনও পর্যন্ত কোনও টেকনিক্যাল কর্মী আসেননি। সেই কারণেই আলিপুরের রিপোর্টে বাস্তব পরিস্থিতির সঙ্গে ফারাক থেকে যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
কাগজের হিসেব যাই বলুক, ভোর ও রাতের ঠান্ডায় জেলাবাসীর অভিজ্ঞতায় শীতের দাপট স্পষ্ট। কুয়াশাহীন, শিরশিরে উত্তুরে হাওয়া সব মিলিয়ে শীতের অনুভূতি তীব্র।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়তে পারে। তার সঙ্গে আরও পারদ পতনের ইঙ্গিতও মিলেছে। বড়দিন পেরিয়ে বর্ষশেষ পর্যন্ত পুরুলিয়ায় শীত যে আরও জাঁকিয়ে বসবে, তা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন আবহবিদরা।


Post Comment