insta logo
Loading ...
×

বাড়ছে তাপমাত্রা, শীতের বিদায় ঘন্টা পুরুলিয়াতেও

বাড়ছে তাপমাত্রা, শীতের বিদায় ঘন্টা পুরুলিয়াতেও

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

শীতের বিদায় ঘণ্টা যেন আরও স্পষ্ট পুরুলিয়ায়। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, সোমবার জেলায় বৃষ্টিপাত হয়নি। তবে তাপমাত্রার ছবিটা বদলাতে শুরু করেছে চোখে পড়ার মতো ভাবে। এ দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াসে, আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

কয়েক দিন আগেও যেখানে দিনের বেলা শীতের আমেজ টের পাওয়া যাচ্ছিল, সেখানে এখন দুপুরের রোদে হালকা গরমের ভাব। ভোর ও রাতের দিকে ঠান্ডা থাকলেও সেই কনকনে ধার অনেকটাই কমেছে। আবহাওয়াবিদদের মতে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা এবং দক্ষিণ দিক থেকে ঢোকা তুলনামূলক উষ্ণ বাতাসই এই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ।

এরই সঙ্গে জেলার লোককথা—‘বাসি ভাত খেয়ে শীত পালায়’—নতুন করে মনে করিয়ে দিচ্ছে এই আবহাওয়া। সরস্বতী পুজোর দোরগোড়ায় এসে পুরুলিয়ায় শীত যে বিদায়ের পথেই, তা তাপমাত্রার এই লাফেই স্পষ্ট হয়ে উঠছে।

Post Comment