নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শীতের দ্বিতীয় স্পেলের শুরুতেই পুরুলিয়ায় ফের নামছে পারদ। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নেমেছিল ৬.১ ডিগ্রিতে। দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও রাতের কনকনে ঠান্ডা স্পষ্টভাবে টের পাচ্ছেন জেলাবাসী।
এরই মধ্যে শীত নিয়ে সতর্কবার্তা জারি করেছে সমাজমাধ্যমের জনপ্রিয় আবহাওয়া পেজ ‘ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল ’। তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৫ থেকে ১৭ জানুয়ারি পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জুড়ে ভীষণ কনকনে শীতের দাপট দেখা যেতে পারে। বিশেষ করে জেলার পাহাড়ি ও অরণ্যঘেরা এলাকাগুলিতে রাতের তাপমাত্রা অত্যন্ত নীচে নামার আশঙ্কা রয়েছে।
পেজের পূর্বাভাসে বলা হয়েছে, ঝালদা, বাঘমুণ্ডি, বলরামপুর ও বরাবাজার ব্লকে সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। জয়পুর, আড়শা, বান্দোয়ান ও হুড়ায় তা থাকতে পারে ৩ থেকে ৮ ডিগ্রির মধ্যে। পুরুলিয়া শহর, মানবাজার, পুঞ্চা, পাড়া, রঘুনাথপুর, কাশিপুর, সাঁতুড়ি ও নিতুড়িয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৯ ডিগ্রির মধ্যে নামার সম্ভাবনার কথা বলা হয়েছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ সতর্কতা হলো এই সময়সীমার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামের পাহাড়ি এলাকায় ভূমি তুষার (গ্রাউন্ড ফ্রস্ট) দেখা যেতে পারে। এমনকি কয়েকটি ব্লকে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, পরিষ্কার আকাশ, মেঘহীন রাত এবং উত্তুরে হাওয়ার জোর বাড়ার ফলেই এই চরম ঠান্ডার পরিস্থিতি তৈরি হচ্ছে। ফলে আগামী কয়েক দিন ভোর ও রাতের দিকে অতিরিক্ত সতর্ক থাকার কথা বলা হয়েছে।
সব মিলিয়ে, জানুয়ারির মাঝামাঝিতে পুরুলিয়ায় শীত যে আরও ভয়ংকর রূপ নিতে চলেছে, তার ইঙ্গিত ইতিমধ্যেই স্পষ্ট।





Post Comment