insta logo
Loading ...
×

রেকর্ড ছুঁয়ে জমাটি পুরুলিয়ার শীত, দার্জিলিং থেকে খুব দূরে নেই

রেকর্ড ছুঁয়ে জমাটি পুরুলিয়ার শীত, দার্জিলিং থেকে খুব দূরে নেই

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

শীতের দাপট অব্যাহত পুরুলিয়ায়। টানা কয়েক দিনের কনকনে ঠান্ডায় এখনও স্বস্তি মিলল না জেলাবাসীর। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৯ জানুয়ারি পুরুলিয়ায় বৃষ্টিপাত হয়নি। এ দিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৪ ডিগ্রি সেলসিয়াসে—যা চলতি শীতের অন্যতম সর্বনিম্ন। দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস।

ভোররাত থেকেই হিমেল হাওয়ায় কার্যত জমে যায় জেলা। সকাল গড়িয়ে রোদ উঠলেও ঠান্ডার তীব্রতা কমেনি বলেই জানাচ্ছেন স্থানীয়রা। গ্রামাঞ্চলে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষকে, শহরেও মোটা জামাকাপড় ছাড়া বাইরে বেরোনো কঠিন হয়ে পড়েছে।

আবহাওয়াবিদদের মতে, পরিষ্কার আকাশ ও উত্তুরে হাওয়ার জেরে রাতের তাপমাত্রা বারবার নিচের দিকেই থাকছে। দিনের বেলায় রোদ থাকলেও মেঘমুক্ত আকাশই রাতের শীত আরও বাড়িয়ে দিচ্ছে। ফলে পৌষের শুরুতেই পুরুলিয়ায় কার্যত জাঁকিয়ে বসেছে শীত।

আপাতত রাতের তাপমাত্রা দিন দুয়েক কিছুটা বাড়তে পারে। তারপর আরও কয়েক দিন এমনই হাড়কাঁপানো ঠান্ডা জেলাবাসীকে সহ্য করতে হতে পারে।

Post Comment