নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
পৌষের মাঝামাঝিতে এসে শীতের রেকর্ড ভাঙল পুরুলিয়ায়। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ৬ জানুয়ারি জেলায় বৃষ্টিপাত হয়নি। তবে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। গত এক দশকের মধ্যে এটাই পুরুলিয়ার শীতলতম দিন।
এর আগে ২০২১ সালের ২০ ডিসেম্বর পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই রেকর্ডই ভেঙে গেল এ বার। কনকনে ঠান্ডায় কার্যত পাহাড়ের সঙ্গে পাল্লা দিচ্ছে জেলার শীত। এ দিন দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস—পাহাড় ও ঝাড়খণ্ড সংলগ্ন এই জেলার ফারাক থাকল মাত্র এক ডিগ্রির সামান্য বেশি।
সকাল থেকে ঝকঝকে রোদ থাকলেও হিমেল হাওয়ার দাপটে ঠান্ডার প্রকোপ কমেনি। উল্টে মেঘমুক্ত আকাশের জেরে রাতের তাপমাত্রা আরও নেমেছে বলে মত আবহাওয়াবিদদের। ভোরের দিকে কুয়াশা আর শিরশিরে বাতাসে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আপাতত শীতের এই দাপট কিছু দিন বজায় থাকবে। পৌষ জুড়েই রাতের পারদ স্বাভাবিকের চেয়ে নীচে থাকার সম্ভাবনা। ফলে শীতের মানচিত্রে এ বার পুরুলিয়া যে নতুন করে নজর কাড়ছে, তা মানছেন বিশেষজ্ঞরাও।


Post Comment