নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
মরশুমের শীতলতম রাত। তাতে একমত দুই সরকারি রিপোর্টই। তবে পারদের অঙ্কে ফের ধন্দ। সোমবার রাতের ঠান্ডায় কার্যত কাঁপছে পুরুলিয়া। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, ২৯ ডিসেম্বর জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন নেমে গিয়েছে ৫.৯ ডিগ্রিতে—চলতি মরশুমে যা এখনও পর্যন্ত জেলার সর্বনিম্ন।
অন্যদিকে আলিপুর আবহাওয়া দফতরের হিসেব বলছে, সোমবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি। এই হিসেবে রাজ্যে পুরুলিয়ার চেয়ে কম পারদ রেকর্ড হয়েছে একমাত্র দার্জিলিংয়ে। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে।
দুটিই সরকারি রিপোর্ট। তবু এই ফারাক কেন? উত্তর মিলছে অবস্থানে। জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, আলিপুর আবহাওয়া দফতরের তাপমাত্রা পরিমাপক যন্ত্রটি রয়েছে পুরুলিয়া শহরের সার্কিট হাউসের পিছনের তুলনামূলক শহুরে এলাকায়। অন্যদিকে কৃষি দপ্তরের যন্ত্রটি বসানো রয়েছে চারিদিক ফাঁকা হাতোয়াড়ায়। খোলা মাঠ, কংক্রিটের অনুপস্থিতি ও হাওয়ার অবাধ চলাচল—এই সব কারণেই একই জেলায়, মাত্র কয়েক কিলোমিটার ব্যবধানে পারদের এমন তারতম্য স্বাভাবিক বলেই মত আবহাওয়াবিদদের।
কাগজে-কলমে সংখ্যার হেরফের থাকলেও এক বিষয়ে দ্বিমত নেই—পুরুলিয়ায় এই রাতই মরশুমের শীতলতম। জেলাবাসীর অভিজ্ঞতায়, শীতের ‘রিয়েল ফিল’ পৌঁছে গিয়েছে বহুদিন পর এমনই তলানিতে।


Post Comment