insta logo
Loading ...
×

কুয়াশায় মোড়া পুরুলিয়া, শীতের দাপট তীব্র

কুয়াশায় মোড়া পুরুলিয়া, শীতের দাপট তীব্র

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

শীতের দাপট বজায় রেখেই বছর শেষের পথে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার, মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার দার্জিলিঙের এক বা দু’টি অংশে হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে। একই সময়ে কালিম্পঙের এক বা দু’টি অংশে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

এদিকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভোর ও সকালের দিকে রাজ্যের সব জেলাতেই কুয়াশার দাপট বজায় থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং থেকে কলকাতা—হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া—সব জেলাতেই এক বা দু’টি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

এই কুয়াশার দাপটেই সোমবার সকাল পর্যন্ত পুরুলিয়ায় শীতের কামড় ছিল প্রবল। কৃষি দপ্তরের রিপোর্ট অনুযায়ী, রবিবার জেলায় বৃষ্টিপাত হয়নি। ওই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭.০ ডিগ্রিতে। তবে সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন অংশে রোদের দেখা না মেলায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভব করেছেন মানুষজন।

কুয়াশা কাটার পরেও উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের আমেজ আপাতত বজায় থাকবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে নতুন বছরের গোড়ায় তাপমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Post Comment