নিজস্ব প্রতিনিধি, আড়শা:
লেলহে মাছির আক্রমণে আহত হলেন ১৫ জন গ্রামবাসী। বৃহস্পতিবার এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে আড়শা ব্লকের জারাট্যাঁড় গ্রামে। তড়িঘড়ি ৪ জনকে ভর্তি করা হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে । তাদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই গ্রামের নামোপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি অশ্বত্থ গাছে লেলহে মাছি বাসা বেঁধেছে। এদিন দুপুরে একটি ঈগল পাখি বাসাটিকে আক্রমণ করার পরেই বিপত্তি ঘটে । বাসা থেকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে লেলহে মাছি । ওই সময় গ্রামের রাস্তা ধরে অনেকেই খেতের কাজ করে বাড়ি ফিরছিল । তাদের উপর আক্রমণ চালায় লেলহে মাছির দল। আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় । অনেকেই পুকুরের জলে ডুব দেয়। কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও গ্রামের বাসিন্দা মন্টু মাহাত, সর্বেশ্বর মাহাত, মহাবীর মাহাত, শক্তিবাস মাহাত পালাতে পারেননি। লেলহের হুলে আক্রান্ত হন। তাদেরকে নিয়ে যাওয়া হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। প্রাথমিক চিকিৎসার পর ৪ জনকে ছেড়ে দেওয়া হলেও মন্টু মাহাত চিকিৎসাধীন।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা।




Post Comment