নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
রাস্তা চাই, চাই নিয়োগ, শাসককে চাপে ফেলে বান্দোয়ানের চিরুডিতে ভোট বয়কটের ডাক দিলেন বাসিন্দারা।
স্থানীয়দের দাবি, কায়রা শিব মন্দির থেকে জামডি কুলি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষাকালে সেই রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। একইভাবে কায়রা থেকে চিরুডি হাসপাতাল পর্যন্ত রাস্তার অবস্থাও অত্যন্ত খারাপ বলে অভিযোগ গ্রামবাসীদের। চিকিৎসার প্রয়োজনে এই পথ দিয়ে রোগী নিয়ে যাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় বলে জানিয়েছেন এলাকার মানুষজন।
এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও তার নিজস্ব ভবন নেই বলে দাবি স্থানীয়দের। সেই সঙ্গে সহকারী কর্মী নিয়োগের দাবিও তুলেছেন তারা। গ্রামে এখনও আশাকর্মী নিয়োগ না হওয়ায় স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হয় বলে অভিযোগ। আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় স্থান জাহের থানের সীমানা পাঁচিল নির্মাণ এবং একটি নলকূপ বসানোর দাবিও দীর্ঘদিনের বলে জানিয়েছেন গ্রামবাসীরা।
এই সমস্ত দাবিকে সামনে রেখেই এলাকায় ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার পড়েছে বলে জানা গেছে। রবিবার বান্দোয়ান ব্লকের চিরুডি অঞ্চলের কায়রা মোড়ে একটি গাছে সাদা কাগজে ছাপানো কয়েকটি পোস্টার দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কায়রা পূর্ব সাঁওতাল পাড়ার বাসিন্দাদের পক্ষ থেকেই দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পোস্টারে উল্লিখিত পাঁচ দফা দাবির দ্রুত সমাধান না হলে তারা ভোট বয়কটের অবস্থানেই অনড় থাকবেন বলে জানানো হয়েছে।











Post Comment