নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
প্রার্থী তালিকা প্রকাশ্যে আসতেই জঙ্গলমহলের বাতাসে এখন ভোটের উত্তাপ চরমে। এক মুহূর্তও সময় নষ্ট না করে জোরকদমে ময়দানে নেমে পড়েছেন বিভিন্ন কেন্দ্রের হেভিওয়েট প্রার্থীরা। ঢাক-ঢোল, শঙ্খধ্বনি থেকে শুরু করে মন্দিরে পুজো দেওয়া, সব মিলিয়ে ভোট উৎসবের মেজাজেই জেলায় শুরু হয়ে গিয়েছে হাই-ভোল্টেজ প্রচার।
মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরপরই পশ্চিমাঞ্চলের দাপুটে নেত্রী সন্ধ্যারানি টুডু ঢাক ও শঙ্খ বাজিয়ে নিজের প্রচারের সূচনা করেন। শুধু তাই নয়, প্রচারের রণকৌশল সাজাতে এদিন জিতুজুড়িতে নিজের ‘ওয়ার রুম’-এ দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠকও সেরে নেন তিনি। অন্যদিকে, টিকিট পাওয়ার রাতেই বলরামপুর কেন্দ্রে দেওয়াল লিখন এবং মহামিছিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট-যুদ্ধে অবতীর্ণ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত।
পিছিয়ে নেই বাঘমুন্ডি ও কাশিপুরও। বাঘমুন্ডির শাসকদলের প্রার্থী সুশান্ত মাহাত মঙ্গলবার রাতে এলাকায় মিছিল করেন। এরপর বুধবার সকালে অনুগামীদের নিয়ে তিনি সোজা পৌঁছে যান লহরিয়া শিব মন্দিরে এবং সেখানে আরাধনার মধ্য দিয়ে প্রচারের কাজ এগিয়ে নিয়ে যান। একইভাবে ঈশ্বরের আশীর্বাদকে পাথেয় করে জনসংযোগে নেমেছেন কাশিপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া। ক্রোশজুড়ি শিব মন্দিরে পুজো দিয়ে তিনি নিজ হাতে সাধারণ মানুষের মধ্যে প্রসাদী ভোগ বিলি করেন। এরপর রঞ্জনডি কালী মন্দিরেও পুজো দেন তিনি। মন্দির পর্ব মিটতেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে একেবারে পথে নেমে, ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে জনসংযোগ সারেন সৌমেনবাবু।
পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় সকালে শহরের চকবাজার কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারের সূচনা করেন। ধর্মীয় আচার মেনেই শুরু হয় তাঁর নির্বাচনী লড়াইয়ের পথচলা।
অন্যদিকে, জয়পুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতোকে ঘিরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। জয়পুর ব্লকের ফরেস্ট মোড়ে দলীয় কার্যালয়ে সবুজ আবিরে তাঁকে বরণ করে নেন সমর্থকেরা। কার্যত উৎসবের আবহেই শুরু হয় তাঁর প্রচার।
বান্দোয়ানেও তৃণমূলের প্রচার ছিল সক্রিয়। প্রার্থী জেলা সভাপতি রাজীবলোচন সরেন দলীয় ব্লক, অঞ্চল ও বুথ স্তরের নেতৃত্বদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নির্বাচনী কৌশল ও সংগঠন মজবুত করাই ছিল বৈঠকের মূল লক্ষ্য।
এদিকে, পিছিয়ে নেই বিরোধীরাও। সিপিআইএম প্রার্থী রথু সিং সর্দার দিনভর বান্দোয়ানের একাধিক এলাকায়—বুড়িগোড়া, গঙ্গামান্না, সিন্দরী ও বোরোর দুর্জয়পাড়ায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করেন তিনি। মঙ্গলবার থেকেই ময়দানে নেমে জোরদার প্রচার শুরু করেছেন পুরুলিয়া কেন্দ্রের এসইউসিআই প্রার্থী শোভা মাহাত, শাসক শিবিরকে টেক্কা দিতে তিনিও আক্ষরিক অর্থেই ভোট প্রচারে ঝড় তুলছেন।










Post Comment