insta logo
Loading ...
×

রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিরাট শোভাযাত্রার আয়োজন

রামনবমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের বিরাট শোভাযাত্রার আয়োজন

সুইটি চন্দ্র, পুরুলিয়া:

আসন্ন রামনবমী উৎসব উপলক্ষে এবারও বিশাল আকারে শোভাযাত্রার আয়োজন করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। আগামী ২৭ মার্চ দুপুর ১২টা নাগাদ গোশালার হনুমান মন্দির থেকে এই শোভাযাত্রা শুরু হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যেই উৎসবকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে এবং এলাকায় উৎসাহও দেখা যাচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোভাযাত্রাটি গোশালার হনুমান মন্দির থেকে শুরু হয়ে ট্যাক্সি স্ট্যান্ড, নামোপাড়া, রথতলা, স্টেশন, ডাকবাংলা, নীলকুঠিডাঙ্গা, পুলিশ লাইন, হাটের মোড় ও চাইবাসা রোড হয়ে আবার ট্যাক্সি স্ট্যান্ডে এসে সমাপ্ত হবে।
বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় জানান, “গত বছরও আমরা খুব সুন্দরভাবে এবং শৃঙ্খলার সঙ্গে রামনবমী পালন করেছি। এ বছরও আমরা চাই একইভাবে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করতে। প্রত্যেকের নিজস্ব দায়িত্ব রয়েছে এবং আমাদের টিম সেই দায়িত্ব পালন করছে।”
তিনি আরও বলেন, “সকল হিন্দু ধর্মাবলম্বীকে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে। আমরা চাই সবাই নিজের ঘর থেকে বেরিয়ে এসে আনন্দের সঙ্গে এই উৎসবে সামিল হোক। সবাই একসাথে থাকলে শোভাযাত্রা আরও সফল হবে।”
অন্যদিকে বজরং দল নগর সংযোজক অমিত কুমার চৌরাশিয়া জানান, “উৎসবকে কেন্দ্র করে যুবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ রয়েছে। শোভাযাত্রাকে সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকদেরও দায়িত্ব দেওয়া হয়েছে”।
বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক তারকনাথ গোপ বলেন, ” প্রতি বছরই এই শোভাযাত্রা এলাকার অন্যতম বড় ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পালিত হয় এবং বহু মানুষ এতে অংশগ্রহণ করেন।”
সংগঠনের জেলা কর্মাধ্যক্ষ হেমন্ত কুমার সিনহা প্রশাসনের কাছে সহযোগিতা চেয়ে বলেন, “শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তার জন্য আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রামনবমী উপলক্ষে এলাকায় ধর্মীয় আবহ তৈরি হয়েছে এবং বহু মানুষ এই দিনের জন্য অপেক্ষা করছেন। সবাই মিলিতভাবে উৎসব উদযাপন করলে এ বছরের রামনবমী আরও আনন্দঘন হয়ে উঠবে বলে আশাবাদী আয়োজকেরা।

Post Comment