insta logo
Loading ...
×

বন্দেমাতরম ১৫০ বছর! সমাপন অনুষ্ঠান হবে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে বছরের শেষ দিন

বন্দেমাতরম ১৫০ বছর! সমাপন অনুষ্ঠান হবে পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে বছরের শেষ দিন

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দেশাত্মবোধক রাষ্ট্রগান ‘বন্দেমাতরম’- এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে বিশেষ সাংস্কৃতিক উৎসব। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই পুরুলিয়ায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পুরুলিয়া বন্দেমাতরম উৎসব কমিটি। যুবসমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক জাগরণ ঘটাতেই এই উৎসবের আয়োজন—এমনটাই জানালেন উদ্যোক্তারা।
শ্যাম ধর্মশালায় শনিবার শুরু হয় এই উৎসবের প্রতিযোগিতামূলক পর্ব। প্রথম দিনে অনুষ্ঠিত হয় নাচের প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৪২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে ধাপে ধাপে প্রতিযোগীর সংখ্যা কমিয়ে আনা হয় প্রায় ৩০ জনে। বিচার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে একজন বিচারককে আলাদা বসিয়ে চূড়ান্ত মূল্যায়নের ব্যবস্থা করা হয়।
রবিবার, দ্বিতীয় দিনে হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পুরো জেলা মিলিয়ে এতে অংশ নিয়েছেন ৯২ জন প্রতিযোগী। এখানেই শেষ নয়—এরপর শুরু হবে গানের প্রতিযোগিতা, যেখানে দেশাত্মবোধক সুরে ফুটে উঠবে বন্দেমাতরমের ভাবনা।

উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ইভেন্টই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতার ফলাফল আগেই ঘোষণা করা হয়েছে, তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে আগামী ৩১ তারিখ।
এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে উল্লেখযোগ্য অর্থমূল্যের পুরস্কার। প্রথম পুরস্কার ১৫,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার: ১০,০০০ টাকা ও
তৃতীয় পুরস্কার ৫,০০০ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৪টেয়, পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে এই উৎসবের সমাপন সমারোহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে সব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

পুরুলিয়া বন্দেমাতরম উৎসব কমিটির আহ্বায়ক গৌতম সিনহা বলেন
“এই উৎসব এই প্রথম পুরুলিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের মূল লক্ষ্য যুবসমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও সাংস্কৃতিক মূল্যবোধের জাগরণ ঘটানো। বন্দেমাতরম কেবল একটি গান নয়—এটা আমাদের আত্মপরিচয়ের প্রতীক। নাচ, গান ও চিত্রকলার মাধ্যমে আমরা সেই ভাবনাকেই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই।”

Post Comment