নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পুরুলিয়া জেলার গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় ঝালদা ২ নম্বর ব্লকের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার উদ্বোধন হল শুক্রবার। এই প্রকল্পের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেল এলাকার প্রায় ১৫ হাজার মানুষ।
এদিন নারকেল ফাটিয়ে ও ফিতা কেটে রাস্তার উদ্বোধন করেন পুরুলিয়ার জেলাশাসক কোন্থাম সুধীর । তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার বৈভব তিওয়ারি, ঝালদা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিং ছাড়াও বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট সমাজসেবীরা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দঙ্গল স্বাস্থ্য কেন্দ্র থেকে বেগুনকোদর ঝালদা রাস্তা পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণে ব্যয় হয়েছে ৯২ লক্ষ ৩৩ হাজার ৬০০ টাকা। দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষ, রোগী পরিবহণ ও ছাত্রছাত্রীদের যাতায়াতে চরম সমস্যা হচ্ছিল।
নতুন রাস্তা তৈরি হওয়ায় এখন এলাকার মানুষ স্বস্তির নিশ্বাস ফেলছেন। স্থানীয়দের দাবি, এই রাস্তা চালু হওয়ায় চিকিৎসা পরিষেবা, শিক্ষা ও দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহণেও গতি আসবে বলে আশা করা হচ্ছে।
পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক সিং জানান, “এই রাস্তা শুধু যোগাযোগ নয়, এলাকার উন্নয়নের পথ। আগামী দিনে যাতে কোনও এলাকাই রাস্তার অভাবে পিছিয়ে না থাকে, সেই লক্ষ্যেই কাজ চলছে।”











Post Comment