নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
ষাঁড় পাচারের অভিযোগে গণপিটুনি। পুরুলিয়ার পুঞ্চা থানা এলাকার খোলকুড় গ্রামে আইন নিজের হাতে তুলে নেওয়ার এক উদ্বেগজনক ঘটনা সামনে এল। ষাঁড় পাচারের অভিযোগ তুলে দুই যুবককে প্রকাশ্যে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রেখে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। ঘটনাটির ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়ার দুই শিউলি যুবক পুঞ্চায় গুড় তৈরির ব্যবসার উদ্দেশ্যে এসেছিলেন। অভিযোগ, গ্রামে ঘুরে বেড়ানো একটি ধর্মীয় গুরুত্বসম্পন্ন ষাঁড় অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন তারা। বিষয়টি নজরে আসতেই উত্তেজিত হয়ে ওঠে গ্রামবাসীরা। অভিযোগ যাচাইয়ের সুযোগ না দিয়েই দু’জনকে ধরে এনে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।











Post Comment