insta logo
Loading ...
×

পৌষ পরবে আড়শার হাটে চৌডলের চাহিদা তুঙ্গে

পৌষ পরবে আড়শার হাটে চৌডলের চাহিদা তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আড়শা:

মকর সংক্রান্তি ও টুসু পরবকে সামনে রেখে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে জঙ্গলমহলের গ্রামীণ বাজারগুলি। পুরুলিয়া জেলার আড়শা হাটে এই মুহূর্তে চোখে পড়ছে চৌডল কেনাবেচার ব্যস্ত চিত্র। টুসু উৎসবকে ঘিরে চৌডল শুধু ধর্মীয় আচার নয়, গ্রামীণ অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে।
আড়শা ব্লকের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম থেকে দল বেঁধে মহিলারা হাটে আসছেন নিজেদের হাতে তৈরি চৌডল বিক্রি করতে। কেউ এনেছেন বড় আকারের নকশাদার চৌডল, আবার কেউ ছোট ও সাধারণ চৌডল, দামের তারতম্য থাকলেও বিক্রি ভালো হচ্ছে বলেই জানাচ্ছেন বিক্রেতারা। অনেক মহিলার কাছে এই সময়ের চৌডল বিক্রিই পরিবারের বাড়তি আয়ের প্রধান ভরসা।
অন্যদিকে ক্রেতাদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। টুসু পরব উপলক্ষে প্রায় প্রতিটি বাড়িতেই চৌডল কেনা হয়। পাশাপাশি বিভিন্ন টুসু প্রতিযোগিতা ও শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আকর্ষণীয় চৌডলের চাহিদা তুঙ্গে। ফলে শেষ মুহূর্তে হাটে এসে পছন্দের চৌডল সংগ্রহ করছেন অনেকেই।
চৌডল কেনাবেচার সঙ্গে জড়িয়ে রয়েছে জঙ্গলমহলের সংস্কৃতি, বিশ্বাস ও জীবিকা, তিনটিরই মেলবন্ধন। তাই টুসু পরব যত এগিয়ে আসছে, আড়শা হাট ততই হয়ে উঠছে উৎসবের কেন্দ্রবিন্দু।

Post Comment