insta logo
Loading ...
×

ভোটার তালিকায় ভূত খুঁজবে তৃণমূল

ভোটার তালিকায় ভূত খুঁজবে তৃণমূল

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

ভোটার তালিকায় ভূত! জেলার ১৭০টি গ্রাম পঞ্চায়েতে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা যাচাইয়ের কাজে নামছে তৃণমূল।
শনিবার পুরুলিয়া দেশবন্ধু রোডে অবস্থিত পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংগঠনিক বৈঠকের এমনটাই জানালো পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস।
কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে মাথায় রেখেই এই কর্মসূচি নিচ্ছে শাসকদল। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত রাষ্ট্র মন্ত্রী সন্ধ্যারানি টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া সহ অন্যান্যরা।
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, “আমাদের জেলা ঝাড়খন্ড লাগোয়া। এখানকার অনেকগুলি ব্লক ঝাড়খন্ড সীমান্ত ছুঁয়ে রয়েছে। বিধানসভা হিসেবে যে তালিকা রয়েছে, সেখানে এবছর ২৪ হাজারেরও বেশি নতুন ভোটারের নাম উঠেছে ভোটার তালিকায়। কারচুপির অভিযোগ উঠে আসছে।
তাই আমরা একটি কর্মসূচি গ্রহণ করেছি। আগামী কাল থেকেই শুরু হবে সেই কর্মসূচি। ভোটার তালিকা বাড়ি বাড়ি ধরে নিখুঁতভাবে যাচাই করা হবে। এই কর্মসূচির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন, তা সকলকে জানিয়ে দিতে ২ এবং ৩ মার্চ ব্লক ভিত্তিক অঞ্চল কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করা হবে। ৪ তারিখ ও ৫ তারিখ পুরুলিয়া জেলার যে ১৭০টি অঞ্চল রয়েছে সেই সমস্ত অঞ্চলে অঞ্চল কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা হবে। ৬ তারিখ বিধানসভা হিসেবে প্রত্যেকটা বুথে জানিয়ে দেওয়া হবে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া বার্তা। পাশাপাশি ভোটার লিস্টের যে কারচুপি সামনে এসেছে তা নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকটা বুথে আমাদের যে বুথ কর্মীরা রয়েছেন, তারা প্রত্যেকে বাড়ি বাড়ি যাবেন এবং একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন। ওই রিপোর্ট পাঠানো হবে রাজ্যে। তা নির্বাচন কমিশনকে জানানো হবে।”

Post Comment