insta logo
Loading ...
×

রঘুনাথপুরে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল

রঘুনাথপুরে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের মিছিল

নিজস্ব প্রতিনিধি,রঘুনাথপুর:

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক চাপানউতোরের আবহে পুরুলিয়ার রঘুনাথপুর শহরে প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষের উপর ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের বোঝা নিয়ে ক্ষোভ প্রকাশ করে রবিবার রাস্তায় নামেন দলের নেতাকর্মীরা।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ পরিবারের রান্নাঘরের খরচ বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন গৃহিণীরা। সেই বিষয়টি সামনে রেখেই রঘুনাথপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি রঘুনাথপুর ব্লক ডাঙ্গা এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। পথচলতি মানুষদের সামনে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি তুলে ধরে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অংশগ্রহণকারীদের।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনু বাউরি সহ দলের একাধিক নেতাকর্মী ও মহিলা সমর্থকরা।

জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, “রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ানো হয়েছে তাতে সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা কেন্দ্রের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”

দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। তাই এই ইস্যুতে শুধু রঘুনাথপুর নয়, জেলার বিভিন্ন এলাকাতেও মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করা হয়েছে।

Post Comment