insta logo
Loading ...
×

পুরুলিয়ার যানজট! কোন তিনটি অস্ত্রে মুক্ত করতে চলেছে পুরসভা?

পুরুলিয়ার যানজট! কোন তিনটি অস্ত্রে মুক্ত করতে চলেছে পুরসভা?

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

দীর্ঘদিনের যানজট সমস্যা থেকে পুরুলিয়া শহরকে মুক্ত করতে এবার কঠোর পথে হাঁটতে চলেছে পুরপ্রশাসন ও ট্রাফিক পুলিশ। অবৈধ পার্কিং, ফুটপাত দখল করে ব্যবসা এবং অনিয়ন্ত্রিত যান দাঁড় করানো—এই তিনটি বড় সমস্যাকে চিহ্নিত করে বিশেষ আইন কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ড, আদালত চত্বর, প্রশাসনিক ভবন-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করে দেয় পুরপ্রশাসন। স্পষ্ট জানানো হয়েছে—নির্দিষ্ট স্থানের বাইরে যানবাহন পার্কিং, ফুটপাত দখল বা যান চলাচলে বাধা সৃষ্টি করলে আর কোনো রকম ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে জরিমানা থেকে শুরু করে আইনানুগ শাস্তি পর্যন্ত কার্যকর করা হবে।
পুরপ্রশাসনের দাবি, প্রতিদিন যানজটের জেরে অফিসযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া ও সাধারণ নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শহরের স্বাভাবিক ও গতিশীল ট্রাফিক ব্যবস্থা ফেরাতেই এই কড়া সিদ্ধান্ত। আগামী দিনে ট্রাফিক পুলিশ ও পুরপ্রশাসনের যৌথ উদ্যোগে নিয়মিত নজরদারি ও অভিযান চলবে বলেও জানানো হয়েছে।
শহরকে যানজটমুক্ত করতে পুরুলিয়া জেলা পুলিশের ট্রাফিক বিভাগ শুক্রবার সকাল থেকেই ধারাবাহিক অভিযান শুরু করে। পুরুলিয়া বাসস্ট্যান্ড, আদালত চত্বর ও প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় দখলদারদের রীতিমতো সতর্ক করা হয়। অভিযানে ট্রাফিক পুলিশের আধিকারিকদের সঙ্গে ছিলেন সাধারণ পুলিশ কর্মীরাও।

পুলিশ সূত্রে জানা গেছে, আগেও একাধিকবার সতর্ক করা হলেও দখলদাররা না সরলে এবার কড়া পদক্ষেপ নেওয়া হবে। কয়েকদিন আগেই পুরুলিয়া পুরসভার প্রশাসক তথা সদর মহকুমাশাসক উৎপলকুমার ঘোষ জানিয়েছিলেন, পুলিশ ও পুরসভার যৌথ উদ্যোগে ধারাবাহিক অভিযান চলবে দখলদার উচ্ছেদে।
উল্লেখ্য, ২০২২ সালের শেষ দিক থেকে এই অভিযান শুরু হলেও এখনও পর্যন্ত পুরোপুরি যানজটমুক্ত করা যায়নি শহরকে—এমনই অভিযোগ সাধারণ মানুষের। বারবার অভিযান হলেও দখলদারিত্ব পুরোপুরি বন্ধ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
তবে প্রশাসনের আশ্বাস, এবার আর কেবল সতর্কতা নয়—আইনানুগ কঠোর ব্যবস্থার মাধ্যমেই পুরুলিয়া শহরের রাস্তায় শৃঙ্খলা ফেরানো হবে। এই উদ্যোগে শহরের যান চলাচলে স্বস্তি ফিরবে বলেই আশাবাদী নাগরিকরা।

Post Comment