insta logo
Loading ...
×

রঘুনাথপুর পুরসভায় আয় বাড়াতে ৩ টি কমিটি

রঘুনাথপুর পুরসভায় আয় বাড়াতে ৩ টি কমিটি

নিজস্ব প্রতিনিধি , রঘুনাথপুর:

চাহিদার তুলনায় আয় অর্ধেকেরও কম। আর সেই কারণেই দীর্ঘদিন ধরে টানাটানির মধ্যেই চলছে রঘুনাথপুর পুরসভা। এই আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে এবং পুরসভার আয় বাড়ানোর লক্ষ্যে তিনটি পৃথক কমিটি গঠন করল তৃণমূল কংগ্রেস পরিচালিত রঘুনাথপুর পুরসভা।
পুরসভা সূত্রে জানা গেছে, হোল্ডিং ট্যাক্স আদায়, বাড়ির নকশা অনুমোদন (বিল্ডিং প্ল্যান) এবং ট্রেড লাইসেন্স—এই তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে ঘিরেই গড়া হয়েছে তিনটি আলাদা কমিটি। প্রতিটি কমিটিতে রয়েছেন পুরপ্রধান ও উপপুরপ্রধানের পাশাপাশি আরও তিনজন করে পুর প্রতিনিধি। অর্থাৎ, প্রতিটি কমিটিতে মোট সদস্য সংখ্যা ৫ জন। সূত্রের খবর, রঘুনাথপুর পুরসভায় বরাবরই আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ অনেক বেশি। পুরসভার প্রধান খরচের একটি বড় অংশই যায় অস্থায়ী কর্মীদের বেতন দিতে। বর্তমানে শতাধিক অস্থায়ী কর্মী রয়েছেন পুরসভায়। যাদের বেতন বাবদ প্রতি মাসে খরচ হয় ১৬ লক্ষ টাকারও বেশি। অথচ পুরসভার মাসিক আয় গড়ে মাত্র ৬ লক্ষ টাকার মতো।
এই আর্থিক অসামঞ্জস্যের জেরে মাসের প্রথম দিনে বেতন দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এমনকি ডিসেম্বর মাস শেষের পথে চলে এলেও এখনও পর্যন্ত অস্থায়ী কর্মীদের বেতন দিতে পারেনি পুরসভা—এমনটাই দাবি সূত্রের। এই পরিস্থিতির বদল ঘটাতে এবং পুরসভার আর্থিক শ্রীবৃদ্ধির লক্ষ্যেই নতুন করে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে আরও জানানো হয়েছে, হোল্ডিং ট্যাক্স, বিল্ডিং প্ল্যান অনুমোদন ও ট্রেড লাইসেন্স থেকে রাজস্ব আদায় বাড়াতে সক্রিয়ভাবে কাজ করবেন এই কমিটির সদস্যরা। এখন দেখার, নতুন এই উদ্যোগে আদৌ পুরসভার আর্থিক হাল ফেরে কি না, নাকি টানাটানি থেকেই যাবে রঘুনাথপুর পুরসভা।

Post Comment