নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি:
ফের অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালাল পুলিশ। বুধবার সকালে বাঘমুণ্ডিতে রাঙ্গামাটি গ্রামের প্রায় এক বিঘা জমিতে বেআইনি ভাবে চাষ করা পোস্ত চারা নষ্ট করে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর মেলে যে গ্রামের অদূরে একটি জমিতে লুকিয়ে পোস্ত চাষ করা হচ্ছে। খবর পেয়েই বাঘমুন্ডি থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে পুরো জমি জুড়ে থাকা পোস্ত গাছ ভেঙে নষ্ট করে দেওয়া হয়। কারা এই চাষের সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রশাসন সূত্রের দাবি, সাম্প্রতিক সময়ে পুরুলিয়া জেলার পাহাড়ি ও জঙ্গলঘেরা এলাকায় গোপনে পোস্ত চাষের প্রবণতা বাড়ছে। অধিক লাভের আশায় কিছু অসাধু চক্র সাধারণ মানুষকে প্রলুব্ধ করছে বলেও অভিযোগ। কয়েকদিন আগেই বলরামপুর থেকে পোস্ত চাষের ঘটনায় ঝাড়খণ্ডের এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।
কেন পোস্ত চাষ নিষিদ্ধ?
পোস্ত গাছ থেকেই মাদক পাচার ও নেশার সঙ্গে সরাসরি যুক্ত আফিম এবং তার থেকে তৈরি বিভিন্ন মাদকদ্রব্য উৎপন্ন হয়। ভারতীয় আইনে সরকারি অনুমতি ছাড়া পোস্ত চাষ সম্পূর্ণ বেআইনি। মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় এই চাষ দণ্ডনীয় অপরাধ। ধরা পড়লে কঠোর শাস্তির বিধান রয়েছে। সেই কারণেই অবৈধ পোস্ত চাষ রুখতে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ ও প্রশাসন।










Post Comment