insta logo
Loading ...
×

“গ্যাসের কোনো সংকট নেই, গুজবে কান দেবেন না”,জেলাশাসকের কড়া নির্দেশে মানবাজারে বাজার পরিদর্শনে টাস্কফোর্স

“গ্যাসের কোনো সংকট নেই, গুজবে কান দেবেন না”,জেলাশাসকের কড়া নির্দেশে মানবাজারে বাজার পরিদর্শনে টাস্কফোর্স

নিজস্ব প্রতিনিধি, মানবাজার:

রান্নার গ্যাসের কৃত্রিম সংকট এবং তার জেরে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির গুজব রুখতে তৎপর হল পুরুলিয়া জেলা প্রশাসন। গ্যাসের আদৌ কোনো সংকট নেই, অথচ সাধারণ মানুষ গুজবে কান দিয়ে অযথা আতঙ্কিত হচ্ছেন,এই বিষয়টি নজরে আসতেই কড়া নির্দেশিকা জারি করেন পুরুলিয়ার জেলাশাসক। তাঁর স্পষ্ট নির্দেশ ছিল, এই গুজবের সুযোগ নিয়ে বাজারে কোনো অসাধু চক্র যাতে জিনিসপত্রের দাম বাড়াতে না পারে, সেদিকে প্রশাসনকে কড়া নজর রাখতে হবে।

জেলাশাসকের সেই নির্দেশের ভিত্তিতেই মানবাজার এলাকার বিভিন্ন বাজারে আচমকা পরিদর্শনে নামে জেলার বিশেষ টাস্কফোর্স। এই পরিদর্শক দলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার এগ্রিমার্কেটিং অফিসার আশিক ইকবাল মণ্ডল, মানবাজারের মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক , বিডিও এবং খাদ্য সরবরাহ আধিকারিক। তাঁরা গোটা বাজার ঘুরে সবজি, মাছ, মাংসের দাম এবং গ্যাসের বর্তমান পরিস্থিতি সরাসরি খতিয়ে দেখেন।

বাজার পরিদর্শনের পর সার্বিক পরিস্থিতি নিয়ে পুরুলিয়া জেলার এগ্রিমার্কেটিং অফিসার আশিক ইকবাল মণ্ডল বলেন, “টাস্কফোর্সের রুটিন ভিজিট আমাদের এমনিতেই চলতে থাকে। তবে সাধারণ সময়ের বাইরে যখন একটু বেশি দরকার হয় বা কোনো এমার্জেন্সি থাকে, তখন আমরা বিশেষ নজরদারি চালাই। আজ টাস্কফোর্স ভিজিটে মূলত সবজির বাজার, মাছ-মাংসের দাম এবং গ্যাসের পরিস্থিতি কী আছে, তা খতিয়ে দেখতেই আমরা এসেছিলাম”।

পরিদর্শন শেষে সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি আরও জানান, “আমরা ঘুরে যা দেখলাম, তাতে বাজারের সব কিছুই একদম স্বাভাবিক আছে। জিনিসপত্রের দামও ঠিকঠাক রয়েছে। অন্যান্য জায়গার তুলনায় মানবাজার মার্কেটে জিনিসপত্রের দাম বরং কমই আছে”। প্রশাসনের এই তৎপরতায় এবং টাস্কফোর্সের রিপোর্টের পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এলাকার সাধারণ মানুষের মধ্যে।

Previous post

মোদির ব্রিগেড ভরাতে জঙ্গলমহলে সাজো সাজো রব! পুরুলিয়া থেকে ৩টি স্পেশাল ট্রেন ও ৫০টির বেশি বাসের ব্যবস্থা বিজেপির

Next post

জল আলো উন্নয়নে উদ্যোগ প্রশাসনের, রাস্তা ও আইসিডিএস মেরামতির আশ্বাস

Post Comment