insta logo
Loading ...
×

রুপাই নদীর উপর সেতু নেই, বর্ষায় দ্বীপে পরিণত হয় ঝালদার গ্রাম

রুপাই নদীর উপর সেতু নেই, বর্ষায় দ্বীপে পরিণত হয় ঝালদার গ্রাম

নিজস্ব প্রতিনিধি, ঝালদা:

মানচিত্রে ছোট্ট একটি গ্রাম হলেও বাস্তবে এটি বছরের বেশ কিছুটা সময় বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হয়।
ঝালদা এক নম্বর ব্লকের নয়াডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদা মশিনা গ্রাম।
গ্রামের প্রবেশমুখে বয়ে চলা রুপাই নদীর উপর নেই কোনও স্থায়ী সেতু।আর সেই কারণেই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেও প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে প্রায় ১৫০ থেকে ২০০টি পরিবারকে।
বর্ষা নামলেই রুপাই নদীর জলস্তর বাড়ে। তখন নদী পারাপারই হয়ে ওঠে প্রধান চ্যালেঞ্জ। প্রতিদিনের যাতায়াত নির্ভর করে জল কতটা আছে তার উপর। নদীর জল বাড়লেই কার্যত স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জীবনযাত্রা। স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের উপস্থিতি কমে যায়, দিনমজুরেরা কাজে যেতে পারেন না, কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে পৌঁছানোই হয়ে ওঠে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ।

গ্রামবাসী খগেশ্বর মাহাত বলেন,
“জল বেশি হলে জারগো-সহ আশপাশের একাধিক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইচাগ গ্রাম হয়ে একটি বিকল্প রাস্তা থাকলেও সেটি অনেকটা ঘুরপথ। ফলে সময় যেমন বেশি লাগে, তেমনি বাড়তি পয়সাও খরচও হয়। অথচ স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, ব্যাঙ্ক ও বাজার—সবই রয়েছে ওই দিকেই। অর্থাৎ প্রয়োজনীয় পরিষেবায় পৌঁছতে গেলে প্রতিদিনই লড়াই করতে হয় প্রাকৃতিক প্রতিবন্ধকতার সঙ্গে”।
অন্যদিকে নয়াডি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ নায়ক জানিয়েছেন, “বিষয়টি তাদের নজরে রয়েছে এবং উর্ধ্বতন দপ্তরে সেতু নির্মাণের প্রস্তাব পাঠানোর উদ্যোগ নেওয়া হবে”।

Post Comment