নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
জেলার স্কুলগুলিতে প্রশাসনিক ও দপ্তরের কাজের জট কাটাতে সক্রিয় উদ্যোগ নিল এবিটিএ, পুরুলিয়া জেলা শাখা। শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিত্যদিনের পেশাগত সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে প্রতি শনিবার নির্দিষ্ট সময়ে হাতেকলমে সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা শুরু হয়েছে।
এবিটিএ সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি শনিবার দুপুর ২.৩০টা থেকে ৪.৩০টা পর্যন্ত জেলার শিক্ষক-শিক্ষাকর্মীদের জন্য এই সহায়তা কেন্দ্র খোলা থাকবে। এখানে শুধু সমস্যার সমাধানই নয়, আগ্রহীদের সংশ্লিষ্ট কাজগুলি কীভাবে করতে হয়, তার ব্যবহারিক প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
এবিটিএ, পুরুলিয়া জেলা সম্পাদক ব্যোমকেশ দাস জানান, “জেলার একদল অভিজ্ঞ ও বিশেষজ্ঞ প্রধান শিক্ষক নিয়মিতভাবে এই কাজে যুক্ত থাকবেন। শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেশাগত সমস্যায় সংগঠন সব সময় পাশে থাকবে।”
এই উদ্যোগের মাধ্যমে স্কুলের
ক্যাশ বুক তৈরি, সার্ভিস বুক ও পেনশন সংক্রান্ত নথি, অনলাইন সাবমিশন,
প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত জট
সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাজের সমাধান করা হচ্ছে।
পুরুলিয়া জেলার বহু স্কুলে দীর্ঘদিন ধরেই শিক্ষক ও শিক্ষাকর্মীর অভাব রয়েছে। বিশেষ করে জুনিয়র হাই স্কুলগুলিতে শিক্ষাকর্মী প্রায় নেই বললেই চলে। অনেক হাই স্কুলেও গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীর সংকট প্রকট।
শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও শিক্ষাকর্মীদের জন্য তেমন কোনও প্রশিক্ষণ কাঠামো নেই। ফলে বিদ্যালয়ের দপ্তর সংক্রান্ত কাজ চালাতে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে। অডিট সংক্রান্ত জটিলতা, নির্ধারিত অর্থের অতিরিক্ত ফি দাবি—সব মিলিয়ে স্কুলগুলির উপর চাপ ক্রমশ বেড়েছে।
এই পরিস্থিতিতেই সংগঠিতভাবে সমাধানের পথ দেখাতে মাঠে নেমেছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে যাতে জেলার প্রতিটি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা উপকৃত হন সেদিকে লক্ষ্য রেখে এই উদ্যোগ আরও বিস্তৃত করা হবে।











Post Comment