সঞ্জয় চৌধুরী , বরাবাজার :
এ যেন চুরির সিরিয়াল। রাত নয়, এবার সকালে চুরি। ফের চুরির ঘটনা ঘটলো বরাবাজার থানা এলাকায়। আজ শনিবার সকাল ন’টা নাগাদ লক্ষাধিক টাকা সহ রূপার গয়না চুরি হল বরাবাজার থানার মানপুর গ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এবার বরাবাজার থানার অন্তর্গত মানপুর গ্রামে এক সোনার দোকানকে টার্গেট করেছিল চোর। এই ঘটনা রাতের নয় একেবারে সকাল সকাল নতুন কৌশলে চুরি করল চোর। শনিবার সকাল নটা নাগাদ মানপুর গ্রামে বিশ্বকর্মা জুয়েলার্স নামক একটি সোনার দোকানে লক্ষাধিক টাকা সহ প্রায় আড়াইশো গ্রাম রুপোর গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলে পৌঁছায় বরাবাজার থানার পুলিশ ।
দোকানের মালিক অর্জুন কুমার পৈড়া বলেন, “আমি দোকান খুলে জল আনতে গিয়েছিলাম। আমার দোকানে রাখা ছিল একটি ব্যাগ। সেই ব্যাগে ছিল টাকা এবং সাথে ছিল আড়াইশো গ্রাম রুপোর গহনা। জল নিয়ে এসে দেখি ব্যাগ এবং গহনা উধাও। আশেপাশের দোকানদারদের জিজ্ঞেস করলে তারা বলে তারা নিজেদের দোকানের ভেতরে ছিল, কিছুই দেখেনি।”
এদিকে স্থানীয়দের দাবি, এই কাজ যে বা যারা করেছে, তারা অনেকদিন থেকেই টার্গেট করেছিল এই দোকানকে। অলংকার দোকানের পাশে রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র। সেখানে রয়েছে সিসিটিভি। তদন্তে নেমে আশেপাশের সমস্ত জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।











Post Comment