insta logo
Loading ...
×

মেঝে খুঁড়ে ঘরে ঢুকে চুরি, নগদ ও সোনার গয়না উধাও

মেঝে খুঁড়ে ঘরে ঢুকে চুরি, নগদ ও সোনার গয়না উধাও

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর:

বাড়ির মেঝে খুঁড়ে ঘরে ঢুকে নগদ টাকা, সোনার গয়না এবং গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, বলরামপুর গোশালা রোড সংলগ্ন ষোল আনা দুর্গা মন্দির এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় ঝালমুড়ি বিক্রেতা বাড়ির মালিক শম্ভুনাথ সাউ সপরিবারে জয়পুরে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। সেই সুযোগেই বাড়িটিকে লক্ষ্য করে চুরির পরিকল্পনা করে দুষ্কৃতীরা। বুধবার সকালে পরিবারটি বাড়িতে ফিরে এসে চুরির বিষয়টি টের পায়। ঘরের দরজার নিচের অংশে ইট সরিয়ে মেঝে খুঁড়ে ভিতরে ঢোকার চিহ্ন দেখতে পান তারা।
অভিযোগ, দুষ্কৃতীরা ঘরে ঢুকে আলমারি ও বাক্সের তালা ভেঙে নগদ প্রায় ১৬ হাজার টাকা, দুটি জমির দলিল এবং লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া গয়নার মধ্যে রয়েছে পরিবারের বহু পুরনো কানপাশা, মোটা পায়ের তোড়া এবং একটি সোনার হার। এই গয়নাগুলোর সঙ্গে পরিবারের আবেগও জড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

এই এলাকায় এর আগেও চুরির ঘটনা ঘটেছে। শম্ভুনাথ সাউয়ের বাড়িতেও অতীতে ব্রোঞ্জের থালা, বাসনপত্রসহ বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগ রয়েছে।
ঘটনার পর শম্ভুনাথ সাউ বলরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে।

Post Comment