নিজস্ব প্রতিনিধি , বলরামপুর:
গ্রামের যুবসমাজকে নেশার কবল থেকে বাঁচাতে এ বার রাস্তায় নামলেন গ্রামের মহিলারাই। পুলিশের সহযোগিতায় একের পর এক অবৈধ মদের ভাটি ভেঙে দিয়ে কার্যত অবৈধ মদের কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন তাঁরা। বুধবার বলরামপুর ব্লকের ঘাটবেড়া–কেরোয়া অঞ্চলের একাধিক গ্রামে এই অভিযান ঘিরে ব্যাপক সাড়া পড়ে যায়।
গ্রামের মহিলাদের এই অভিযানে পাশে ছিল বিশাল পুলিশ বাহিনী। বলরামপুর থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি তদারকি করেন। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদের অবৈধ মদের কুফল সম্পর্কে সচেতন করা হয় এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
এ দিন মিরমি, মাচাটাড়, হুকরা, ডুমুরবেড়া ও কানিটাড়—এই পাঁচটি গ্রামে শতাধিক মহিলা মিছিল করেন। মিছিল চলাকালীন যেসব এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ তৈরি ও বিক্রি হচ্ছিল, সেখানে হানা দিয়ে প্রায় ছয় থেকে সাতটি মদের ভাটি ভেঙে দেওয়া হয়। পাশাপাশি অবৈধ মদ বিক্রেতাদের কড়া ভাষায় সতর্ক করে দেওয়া হয়, অবিলম্বে এই কারবার বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
আন্দোলনকারীরা বলেন, “দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধ মদ বিক্রি বেড়ে যাচ্ছিল। বারবার জানানো হলেও কাজ হয়নি। মদ খেয়ে যুবসমাজ নষ্ট হচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে। তাই বাধ্য হয়েই আমরা ভাটি ভেঙে দিয়েছি। পুলিশ আমাদের সব রকম সহযোগিতা করেছে। ভবিষ্যতেও যদি এই কারবার বন্ধ না হয়, আন্দোলন আরও জোরদার হবে।”
এ বিষয়ে বলরামপুর থানার পক্ষে বলা হয়েছে, গ্রামে কোথাও যাতে অবৈধভাবে মদ তৈরি বা বিক্রি না হয়, সে বিষয়ে পুলিশ কড়া নজরদারি চালাবে। প্রয়োজনে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাসও দেয় পুলিশ।










Post Comment