সুইটি চন্দ্র, পুরুলিয়া :
একে একে ডিএম, আইজি এমনকি এডিজিকেও হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিলেন পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। পুরুলিয়া জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া মানেই উত্তেজনার আলাদা রং। তবে এ বছর সেই উত্তেজনা যেন আরও এক ধাপ চড়া। অতিথি ও পুলিশ আধিকারিকদের প্রতিটি ইভেন্টেই জমে উঠেছিল হাড্ডাহাড্ডি লড়াই। তার মধ্যেই নজর কেড়েছে তীরন্দাজি। সেখানেই বাজিমাত করেন পুলিশ সুপার।
বৃহস্পতিবার বেলগুমা পুলিশ লাইনে আয়োজিত এই ক্রীড়ার দ্বিতীয় দিন বৃহস্পতিবার তীরন্দাজিতে ১৫ পয়েন্ট তুলে নিয়ে শীর্ষে ওঠেন এসপি। পিছনে ফেলেন জেলাশাসক সুধীর কোন্থাম, বাঁকুড়া রেঞ্জের আইজি শিসরাম ঝাঝোরিয়া এবং পশ্চিমাঞ্চলের এডিজি ও আইজিপি অশোককুমার প্রসাদকে। দ্বিতীয় হন ডিএসপি, ডিইবি জীবনেশ রায় তিনি পেলেন ১০ পয়েন্ট। এবং তৃতীয় স্থান দখল করেন জেলা পরিষদের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক রবি আগরওয়াল। তিনি পেলেন ৯ পয়েন্ট। তীরন্দাজির পাশাপাশি ‘পুটিং দ্য বল ইনটু দ্য হোল’-এও তৃতীয় স্থান দখল করেন এসপি।
তীরন্দাজিতেই সবচেয়ে নাটকীয় মুহূর্ত তৈরি হয় যখন, তৃতীয় স্থানের জন্য সমান পয়েন্টে আটকে যান জেলা শাসক জেলা পরিষদের দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক ও ভূমি ও ভূমি সংস্কার বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক। এয়ারগান শুটিংয়েও ছিলো নজরকাড়া লড়াই। প্রথম হন অতিরিক্ত পুলিশ সুপার, সদর জর্জ এলেন জন, দ্বিতীয় স্থানে ঝালদার এসডিপিও গৌরব ঘোষ, তৃতীয় হন ডিএসপি জীবনেশ রায়।
অন্যদিকে ‘পুটিং দ্য বল ইনটু দ্য হোল’-এ সেরার শিরোপা পান কংসাবতী উত্তর বন বিভাগের ডিএফও মুদিত কুমার। দ্বিতীয় হন এএসপি, সদর জর্জ এলেন জন, তৃতীয় স্থানে এসপি বৈভব তেওয়ারি। টাগ-অব-ওয়ারে এএসপি, সদর বনাম এএসপি, অভিযান টিমের লড়াই অমীমাংসিত থাকলেও শেষ হাসি হাসেন এএসপি সদর-এর দল। এনভিএফ বনাম এসল্ট গ্রুপের দ্বন্দ্বে জেতে এসল্ট গ্রুপ।
প্রতিযোগিতা শেষে এসপি বৈভব তেওয়ারি বলেন, “এই ক্রীড়ার মূল উদ্দেশ্য শারীরিক ফিটনেস আর টিম স্পিরিট। এডিজির মতো ঊর্ধ্বতন আধিকারিকরাও অংশ নিয়েছেন, এটাই বড় প্রাপ্তি।”











Post Comment