নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
আবিরের রঙে ভেসে যাওয়ার দিনেও জেলায় শোনা গেল ভারি বুটের মাপা শব্দ। বসন্ত উৎসবের আবহের মধ্যেই পুরুলিয়া জুড়ে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি যে শুরু হয়ে গিয়েছে, তারই ইঙ্গিত মিলল মঙ্গলবারের টহলে।
প্রথম দফায় জেলায় এসে পৌঁছেছে পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রবিবার ঝালদা, কোটশিলা ও বাঘমুণ্ডি এলাকায় রুট মার্চ শুরু হয়েছিল। মঙ্গলবার সেই কর্মসূচি পৌঁছয় পুরুলিয়া শহরে। দেশবন্ধু রোড, রাঁচি রোড হয়ে ভিক্টোরিয়া স্কুল মোড় পর্যন্ত মাপা পায়ে এগোলেন জওয়ানরা। সঙ্গে ছিলেন পুরুলিয়া সদর থানার আধিকারিকরা। পথচলতি মানুষের সঙ্গে কথা বলে নিরাপত্তার আশ্বাস দেন তাঁরা।
পুলিশ সূত্রের খবর, ভোটের আগে নাগরিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই রুট মার্চ। মানবাজার থানার এলাকায় বাহিনীকে সঙ্গে নিয়ে চলে অভয়দান কর্মসূচি। মেট্যালা গ্রামের একাধিক স্পর্শকাতর বুথ ও বসতিতে যান জওয়ানরা।
কেন্দা থানার অন্তর্গত কামতা জঙ্গিদিরি গ্রাম পঞ্চায়েত এলাকাতেও অভয়দান কর্মসূচি হয়। স্পর্শকাতর বুথগুলিতে যান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জওয়ানরা রুট মার্চের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ভোটারদের সঙ্গে কথা বলেন। কাশিপুর ব্লকের সোনাথলি গ্রাম পঞ্চায়েতের ক্রোশজুড়ি, সোনাথলি, কালাপাথর, কুলতোড়, পাবড়া, লারি প্রভৃতি গ্রামে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী।










Post Comment