নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
প্রান্তিক ঝালদা পুরসভাকে রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক বিভাগের শোকজ নোটিস ঘিরে এবার শাসক দলের অন্দরে প্রকাশ্য মতবিরোধে নতুন রাজনৈতিক সঙ্কট। বিভিন্ন দুর্নীতি ও পুর পরিষেবায় অনিয়মের অভিযোগে গত ১৮ ডিসেম্বর ঝালদা পুরসভা-কে শোকজ করে রাজ্য সরকার। সাত দিনের মধ্যে জবাব চাওয়ায় চাপে পুর কর্তৃপক্ষ। কিন্তু তার আগেই বিস্ফোরক—শাসক দলের কাউন্সিলাররা। প্রশাসক বসানোর দাবি তোলেন তারা। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মিঠুন কান্দু প্রকাশ্যে বলেন,
“বর্তমানে নির্বাচিত কাউন্সিলররা কার্যত ক্ষমতাহীন। বহু ক্ষেত্রেই পুরবাসীদের ন্যূনতম পরিষেবা দিতে পারছি না। প্রশাসক বসলে অন্তত স্বচ্ছতার সঙ্গে পরিষেবা দেওয়া সম্ভব হবে।”
এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজয় কাঁন্দু বলেন, “দুর্নীতি ও পরিষেবা সংক্রান্ত অভিযোগের কারণেই শো-কজ করা হয়েছে। রাজ্য পুর দপ্তর যে সিদ্ধান্ত নেবে, সেটাই মেনে নেওয়া হবে।”এই বক্তব্যকেও প্রশাসক বসানোর দাবির প্রতি পরোক্ষ সমর্থন বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রাক্তন পুরপ্রধান ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শীলা চট্টোপাধ্যায় বলেন,
“পুরবাসীদের অভিযোগের গুরুত্ব দিয়েই শোকজ করা হয়েছে। অনেক কাউন্সিলরই পরিষেবা দিতে পারছেন না। সাত দিনের মধ্যে বোর্ড মিটিং ডেকে বিষয়টি স্পষ্ট করা জরুরি।” তবে শাসক দলের অন্দরেই যখন প্রশাসক বসানোর দাবি উঠছে। তখন বোর্ড মিটিং আদৌ পরিস্থিতি সামাল দিতে পারবে কি না—সেই প্রশ্নই ঘোরাফেরা করছে ঝালদা জুড়ে।











Post Comment