নিজস্ব প্রতিনিধি, সাঁওতালডিহি:
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া রাস্তা। সেই সঙ্গে নিয়মিত জল না দেওয়ার ফলে ধুলো বালির সমস্যার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে সড়ক অবরোধে শামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সাঁওতালডিহি-পাহাড়িগোড়া সড়কের শ্যামপুর মোড়ে গ্রামবাসীদের সড়ক অবরোধের জেরে প্রায় এক ঘণ্টা ব্যাপী স্তব্ধ হয়ে যায় যান চলাচল। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিদিনই ধুলোর চাদরে ঢেকে যাচ্ছে গোটা এলাকা। শ্বাসকষ্ট, চোখ জ্বালা সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন শিশু ও বয়স্করা। এই পরিস্থিতিতে সম্প্রতি নাগরিক কমিটির পক্ষ থেকে সাঁওতালডিহি তাপ বিদ্যুৎকেন্দ্র-র জেনারেল ম্যানেজারের কাছে লিখিতভাবে দাবি জানানো হলেও, বাস্তবে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায়। বাধ্য হয়েই এদিন রাস্তায় নামেন গ্রামবাসীরা। অবরোধে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁওতালডিহি থানা-র পুলিশ। পাশাপাশি তাপবিদ্যুৎ কেন্দ্রের এক আধিকারিকও সেখানে উপস্থিত হন।অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তা সংস্কার ও ধুলো নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে এলাকাবাসীর সাফ বক্তব্য—আশ্বাস নয়, দ্রুত কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।











Post Comment