নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর:
প্রকৃতি আমাদের মা—এই ভাবনাকে সামনে রেখেই জয়চন্ডী পাহাড় ও তার পাদদেশে যৌথ সাফাই অভিযানে নামলো একাধিক প্রতিষ্ঠান। বুধবার সকাল থেকে শুরু হয়েছিলো এই পরিচ্ছন্নতা অভিযান। উদ্যোগে রঘুনাথপুর থানা, স্থানীয় রঘুনাথপুর কলেজের এন এস এস বিভাগ , বনদপ্তর ও পুরসভা। সাধারণ মানুষকেও এতে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছিল।

ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ পীঠস্থান জয়চন্ডী পাহাড় শুধু সত্যজিৎ রায়ের ‘হীরক রাজা দেশে ’ ছবির শ্যুটিং লোকেশন হিসেবেই নয়, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসেও স্মরণীয়। সিপাহি বিদ্রোহের সময় কর্নেল ফস্টারের সেনাদের সঙ্গে পঞ্চকোটের রাজা নীলমণি সিংদেওর বাহিনীর যুদ্ধ হয়েছিল এই এলাকাতেই।
উল্লেখ্য, জয়চন্ডী কোনও একক পাহাড় নয়। অর্ধচন্দ্রাকারে পাশাপাশি অবস্থিত যোগীঢাল, রামসীতা, জয়চন্ডী ও সিজানো—এই চারটি পাহাড়ের সমষ্টিই জয়চন্ডী পাহাড় এলাকা।
উদ্যোক্তাদের দাবি, সম্মিলিত এই সাফাই অভিযানের মাধ্যমে জয়চন্ডী পাহাড় আরও পরিচ্ছন্ন ও সুন্দর হয়ে উঠলো। পাশাপাশি পর্যটকদের কাছে এই ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সামনেই জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। উৎসবের পর ফের সাফাই অভিযান হবে, জানিয়েছেন উদ্যোক্তারা।











Post Comment