নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
শিক্ষকহীন এবং এক শিক্ষক বিশিষ্ট স্কুল সারা জেলায় রয়েছে প্রায় তিনশো। সেই স্কুলগুলিতে সত্বর নিয়োগ করে বাঁচাতে হবে গ্রামীণ শিক্ষাকে। এমন দাবি তুলে পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদে বিক্ষোভ দেখালো উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। যদিও উপস্থিত ছিলেন না জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রাজীব লোচন সরেন। বদলে ডেপুটেশন গ্রহণ করেন ডি আই প্রাথমিক কানাইলাল বাঁকুড়া।
উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সহ সভাপতি চন্দন চট্টোপাধ্যায় বলেন, “জেলায় নতুন করে ২২১ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে। বিভিন্ন দিক থেকে খবর পাচ্ছি পছন্দমতো জায়গায় পোস্টিং দেওয়ার জন্য একটা চক্র তৈরি হয়েছে। তেমনটা হলে আবার কালি লাগবে প্রাথমিক শিক্ষার গায়ে। জেলায় বিপুল সংখ্যক স্কুল এক শিক্ষক বিশিষ্ট। শিক্ষকহীন স্কুলও আছে। সেই সব স্কুলে আগে নিয়োগ হোক। গ্রামীণ শিক্ষা বাঁচুক। আমাদের দাবি সেই সব স্কুলের তালিকা ঝুলিয়ে নতুন শিক্ষকদের কাউন্সেলিং করা হোক। মেধা তালিকা অনুযায়ী কে কোন স্কুল নিচ্ছেন, তার ভিডিওগ্রাফি হোক। সেখানে শিক্ষক সংগঠনগুলির প্রতিনিধিরাও থাকুন। তবেই স্বচ্ছতা রক্ষা হবে। “
সংগঠনের স্পষ্ট হুঁশিয়ারি, গ্রামীণ শিক্ষাকে না বাঁচালে অচল করে দেওয়া হবে ডিপিএসসি।











Post Comment