insta logo
Loading ...
×

সুপারহিট জেলা পুলিশের প্রজেক্ট শক্তি, জঙ্গলমহল ক্যারাটে কাপ ২০২৫ এ বোরোর মেয়েদের জয়জয়কার

সুপারহিট জেলা পুলিশের প্রজেক্ট শক্তি, জঙ্গলমহল ক্যারাটে কাপ ২০২৫ এ বোরোর মেয়েদের জয়জয়কার

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:

নারী ক্ষমতায়নের বাস্তব উদাহরণ তৈরি করল পুরুলিয়া জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলায় অনুষ্ঠিত “জঙ্গলমহল ক্যারাটে কাপ ২০২৫” প্রতিযোগিতায় পুরুলিয়া জেলা পুলিশের বিশেষ উদ্যোগ “প্রজেক্ট শক্তি”-র আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত বোরো থানা এলাকার মেয়েরা অসাধারণ সাফল্য অর্জন করে গোটা জঙ্গলমহল জুড়ে দৃষ্টান্ত স্থাপন করল।

গত ২১ ডিসেম্বর ২০২৫ ঝাড়গ্রামে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম—এই চার জেলা থেকে প্রায় ৩৫০ জন প্রতিযোগী অংশ নেয়। কঠিন প্রতিযোগিতার মধ্যেও বোরো থানার মেয়েরা একের পর এক পদক জিতে প্রমাণ করে দিল, সঠিক দিশা ও প্রশিক্ষণ পেলে গ্রামবাংলার মেয়েরাও জাতীয় স্তরের ক্রীড়াবিদ হয়ে উঠতে পারে।এই প্রতিযোগিতায় অমৃতা প্রামাণিক স্বর্ণ ও ব্রোঞ্জ, অষ্টমী পাল স্বর্ণ ও ব্রোঞ্জ,কোয়েল মাহাতো রৌপ্য ও ব্রোঞ্জ, সুপ্রিয়া মাহাতো রৌপ্য ও ব্রোঞ্জ
পদক জিতে বোরো থানা তথা পুরুলিয়া জেলাকে গর্বিত করেছে।

এই সাফল্যের পর বোরো থানার পক্ষ থেকে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে তারা আরও মনোযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে অনুশীলন চালিয়ে যেতে পারে। পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে অভিভাবক মহল ও স্থানীয় মানুষের মধ্যে।

প্রজেক্ট শক্তি শুধুমাত্র একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি মেয়েদের আত্মবিশ্বাস, আত্মরক্ষা ও নেতৃত্ব গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন। এই প্রকল্পের মাধ্যমে আগামীদিনে আরও বেশি মেয়ে ক্রীড়াক্ষেত্রে ও সমাজজীবনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
এই সাফল্য শুধু কয়েকজন খেলোয়াড়ের ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরুলিয়া জেলার গ্রামীণ মেয়েদের স্বপ্ন দেখার সাহস ও এগিয়ে চলার অনুপ্রেরণা, বলছেন পুলিশ কর্তারা।

Post Comment