নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
নির্বাচনী প্রচারে শনিবার পুরুলিয়ায় প্রচার করতে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভাকে সফল করতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছে জেলা তৃণমূল। সভা থেকে দলনেত্রী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ সহ কর্মীরা।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সভা করার পর তিনি রঘুনাথপুর বিধানসভার তৃণমূল প্রার্থী হাজারী বাউরির সমর্থনে সভা করবেন। রঘুনাথপুর বিধানসভার নিতুড়িয়া ব্লকের ইনানপুর ফুটবল মাঠে। তারপর কাশিপুরে সৌমেন বেলথরিয়ার সমর্থনে সভা করবেন কাশিপুর বিধানসভার সেবাব্রতী সংঘের ময়দানে। নিতুড়িয়ার ইনানপুর ফুটবল ময়দান থেকেই এই জেলায় নির্বাচনী সভা শুরু করবেন তৃণমূল নেত্রী। এই দুটি জনসভা হওয়ার পর শনিবার পুরুলিয়া শহরের নর্থলেক রোডে সাহেব বাঁধ এলাকায় একটি হোটেলে রাত্রিযাপন করবেন তিনি ।পরের দিন রবিবার তিনি মানবাজারে সমাবেশ করবেন ওই বিধানসভার প্রার্থী রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিদায়ী রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডুর সমর্থনে। কাশিপুরের তৃণমূল প্রার্থী সৌমেন বেলথরিয়া বলেন, “দলনেত্রীর নির্বাচনী সমাবেশের জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। দুটি জনসভাতেই প্রচুর কর্মী সমর্থক ভীড় করবেন।”
দলনেত্রীর এই তিনটি সভা হওয়ার পর জেলায় আসবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ মার্চ বাঘমুন্ডি বিধানসভায় দলীয় প্রার্থী সুশান্ত মাহাতোর সমর্থনে তিনি জনসভা করবেন । তারপর আবার চার দিন পর ৩ এপ্রিল তিনি পুরুলিয়ায় আসবেন জয়পুরের তৃণমূল প্রার্থী অর্জুন মাহাতোর সমর্থনে সভা করার জন্য। বাঘমুন্ডিতে প্রস্তুতি যেমন জোরকদমে চলছে। তেমনই জয়পুরেও প্রস্তুতি শুরু করে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।











Post Comment