নিজস্ব প্রতিনিধি, মানবাজার
জলের তোড়ে সেতু ভেঙে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন গ্রাম পঞ্চায়েত প্রধান। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার ১ ব্লকের বামনি – মাঝিহিড়া অঞ্চলের কদমা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকালে পঞ্চায়েত থেকে মোটরবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন বামনি – মাঝিহিড়া অঞ্চলের তৃণমূল প্রধান তথা কদমা গ্রামের বাসিন্দা জগৎচন্দ্র মাহাতো। তিনি যখন কেশ্যা মোড় থেকে কদমা হয়ে বামনি সড়কে চাকা নদীর ওপর সেতুটি পার করেন ঠিক তারপরেই সেতু ধসে পড়ে। জগৎ বাবু বলেন,” বরাত জোরে বেঁচে গিয়েছি। মনে হচ্ছে সাক্ষাৎ মৃত্যু থেকে বাঁচলাম। ” এদিন ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছান মানবাজার ১ ব্লকের বিডিও দেবাশীষ ধর। তিনি বলেন,” পরিদর্শন করার পর সমস্ত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
স্থানীয় গ্রামবাসীরা জানান, ১৯৮৫ সালে ওই সেতুটি নির্মাণ হয়। পরে বেশ কয়েকবার নদীর জল বেড়ে যাওয়ার সেতুর ওপর দিয়ে জল পারাপার করে। ভেঙে পড়ে ওই সেতুর দুটি স্তম্ভ। পরে সাময়িক সেতুটি মেরামত করা হয়। পঞ্চায়েত থেকে সেখানে গার্ডওয়ালও করা হয়। সম্প্রতি ‘দিদিকে বলো’ কর্মসূচিতে এই সেতুটি নতুন ভাবে করার আবেদনও জানিয়েছেন এলাকার মানুষজন। এলাকার মানুষজন জানান, এই সেতুর ওপর দিয়ে ৫ টি বাস যাতায়াত করে। সেতুটি ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়বেন ওই অঞ্চলের মানুষজনের। ফলে ওই সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার মানুষজন। এদিন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমে যায়।









Post Comment