insta logo
Loading ...
×

বুধপুরে মহিলার দেহ, গ্রেপ্তার যুবক

বুধপুরে মহিলার দেহ, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি , মানবাজার:

উত্যক্ত করা হচ্ছিল তাকে। আর তাই অপমানিত হয়ে সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন বধূ। মৃতার পরিবার আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করল থানায়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলার মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম তীর্থসারথী কর। সে মানবাজার থানার জিতুজুড়ি গ্রামের বাসিন্দা।

রবিবার সকালে মানবাজার শহরের অদূরে বুধপুর সেতুর নিচে কাঁসাই নদীতে এক যুবতীর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার ও পুঞ্চা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতার নাম প্রিয়াঙ্কা মাহাত (২৪)। তার শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা থানার বিড়রা। ওই থানা এলাকার গেরুয়াল গ্রামে তার বাপের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে মানবাজার থানা এলাকার বেঁচাবনী গ্রামে নিজের মামাবাড়ি থেকেই তিনি পড়াশোনা করেছেন। চার বছর আগে তার বিয়ে হয়। আড়াই বছরের একটি সন্তান রয়েছে তার। শনিবার স্বামীর সঙ্গে দুবছরের সন্তানকে নিয়ে বেঁচাবনী গ্রামে আসেন। মৃতার বাবা সুভাষ চন্দ্র মাহাতর অভিযোগ, তীর্থসারথী কর বিয়ের আগে থেকেই দীর্ঘদিন ধরে তার মেয়েকে উত্যক্ত করত। এবার মামাবাড়িতে আসার পর তার সঙ্গে একেই ঘটনা ঘটলে সে অপমানিত হয়ে সেতু থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করেছে। সেকারণেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ায় অভিযোগ এনেছেন মৃতার পরিবার।
সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।

Post Comment