নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
ধর্মীয় আবেগ, লোকসংস্কৃতি ও সামাজিক সংহতির এক অনন্য মিলনমেলা দেখা গেল ঝালদা থানার অন্তর্গত পুস্তি নবকুঞ্জ ধামে।
নবম বর্ষে পদার্পণ করা বার্ষিক নবকুঞ্জ উৎসব এবার কেবল আচার অনুষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি বরং তা রূপ নিয়েছে এক বৃহত্তর সামাজিক ও সাংস্কৃতিক উদ্যাপনে। উৎসবের অষ্টম দিনে আয়োজিত ‘অষ্টশত ১০৮ শ্রীখোল পরিক্রমা’ এই বছরের প্রধান আকর্ষণ হয়ে ওঠে, যা এলাকায় ধর্মীয় ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।
উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত এই পরিক্রমায় অংশ নেন কয়েকশো ভক্ত ও ব্রতী। স্থানীয় গ্রামগুলির পাশাপাশি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ সমবেত হন। শ্রীখোলের তাল-লয়ে, নামসংকীর্তনের সুরে মুখরিত হয়ে ওঠে গোটা ধাম প্রাঙ্গণ। ভক্তদের কণ্ঠে হরিনাম, হাতে শ্রীখোল সেই ছন্দে এক অপার্থিব আবহ তৈরি হয়, যা বহু দর্শনার্থীর কাছে ছিল গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা।
আয়োজকদের মতে, এত বৃহৎ পরিসরে শ্রীখোল পরিক্রমা এই অঞ্চলে এই প্রথম। একসঙ্গে ১০৮টি শ্রীখোলের ধ্বনি যেন ঐক্যের প্রতীক হয়ে উঠেছিল ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষে মানুষকে এক সূত্রে বেঁধেছে এই আয়োজন।
কমিটির পক্ষ থেকে কমল মাহাতো বলেন, “ভবিষ্যতে এই আয়োজনকে আরও বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। ধর্মীয় চেতনার পাশাপাশি যুবসমাজকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করাই আমাদের অন্যতম লক্ষ্য”।











Post Comment