নিজস্ব প্রতিনিধি, বান্দোয়ান:
ভোট এলেই ঝুলিতে থাকা পুরুলিয়া–ঝাড়গ্রাম রেললাইনের কথা বারবার সামনে আনে বিজেপি, এমনই অভিযোগ তুলে পালটা আক্রমণ শানালেন বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীবলোচন সরেন। তাঁর দাবি, “বিজেপি মানেই মিথ্যাচার। মানুষ এখন সব বুঝে গিয়েছেন।” পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বিধায়ক বলেন, “আপনি ১০ বছরে কী কাজ করেছেন তার তালিকা দিন। আমিও আমার ১০ বছরের কাজের হিসাব দেব। তখন সব পরিষ্কার হয়ে যাবে।”
প্রসঙ্গত, গত রবিবার বান্দোয়ানের মাংলা মাঠে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের ‘পরিবর্তন সংকল্প’ সভা থেকে বিধায়ক রাজীবলোচন সরেনকে কড়া ভাষায় আক্রমণ করেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সেই আক্রমণের ধার থেকে বাদ যাননি বিধায়কের স্ত্রী তথা পুরুলিয়া জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ প্রতিমা সরেনও।
মঙ্গলবার বান্দোয়ানের চকবাজারে ‘বাঁধো জোট’ প্রতিবাদ মিছিল ও সভা থেকে এই বার্তা দেন রাজীবলোচন। তিনি বলেন, সাংসদের সাম্প্রতিক বক্তব্যের কিছু বিষয় বিচারাধীন। সে কারণে সেগুলি নিয়ে মন্তব্য করবেন না। তবে তাঁর কটাক্ষ, “বিজেপি না মানে বিচারব্যবস্থা, না মানে সংবিধান, না মানে গণতন্ত্র। উপযুক্ত সময়ে আমি সব প্রশ্নের উত্তর দেব।”

মঙ্গলবারের পাল্টা সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি জঙ্গলমহলের উন্নয়নের নানা প্রকল্পের কথা তুলে ধরেন। তৃণমূলের জেলা সভাপতির মন্তব্য, “ভোট এলেই ঝুলি থেকে বেরোয় পুরুলিয়া–ঝাড়গ্রাম রেললাইন। ভোট মিটলেই আবার সেই প্রকল্প ঝুলিতে ঢুকে যায়।”
সভায় আরও ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের চেয়ারম্যান শান্তিরাম মাহাতো, ব্লক সভাপতি জগদীশ মাহাতো এবং প্রতিমা সরেন-সহ দলের একাধিক নেতা।











Post Comment