নিজস্ব প্রতিনিধি, ঝালদা:
পুরুলিয়া জেলায় আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে ঘিরে জোট রাজনীতিতে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এনডিএ শিবিরের অংশ থাকা আজসু পার্টি এবার জেলার সবকটি বিধানসভা আসনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
বিশেষ করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশের পরই আজসুর এই অবস্থান সামনে আসে। বাঘমুন্ডি আসন নিয়ে জোটসঙ্গীর সঙ্গে মতভেদ তৈরি হওয়ায়, আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত কার্যত নিশ্চিত করেছে দলটি।
দলের তরফে জানা গিয়েছে, খুব শীঘ্রই সুপ্রিমো সুদেশ মাহাত পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করবেন। ফলে নির্বাচনের আগে পুরুলিয়ার রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ঝালদা ১ নম্বর ব্লকের সভাপতি রাজেশ মাহাত বলেন , “দলীয়ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পুরুলিয়ার সমস্ত বিধানসভা আসনে প্রার্থী দেব। মানুষের স্বার্থে এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”









Post Comment