সুজয় দত্ত, পুরুলিয়া :
আপনি কি সুরাপায়ী? দিনান্তে একটু রঙিন তরলের জন্য কি মন কুহু কুহু ডাকে? যদি তাই হয়, তবে এবার ক্যালেন্ডারে লাল দাগ টানার সময় এসে গিয়েছে। বিধানসভা নির্বাচনের আবহে রাজ্য জুড়ে একাধিক দিনে ‘ড্রাই ডে’ ঘোষণা করল রাজ্য আবগারি দফতর। ফলে নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকছে সব লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান, বার ও রেস্তোরাঁ।
আবগারি দফতরের নির্দেশিকা বলছে, ভোটগ্রহণের আগে ৪৮ ঘণ্টা এবং ভোটের দিন, এই পুরো সময়জুড়েই জারি থাকবে নিষেধাজ্ঞা। প্রথম দফার ভোটকে সামনে রেখে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুরু হচ্ছে এই বিধিনিষেধ। ২২ এপ্রিল পুরো দিন ‘শুঁড়িখানা’ বন্ধ থাকবে এবং ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। এই পর্যায়ে পুরুলিয়া সহ বেশ জেলায় কার্যকর হবে এই নিয়ম।
দ্বিতীয় দফাতেও একই ছবি। ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে শুরু করে ২৯ এপ্রিল ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত বন্ধ থাকবে মদের দোকান। ২৮ এপ্রিল পুরো দিন জুড়েই মিলবে না মদ। এই পর্যায়ে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশ কিছু জেলায় জারি থাকবে ‘ড্রাই ডে’।
শুধু ভোট নয়, গণনার দিনেও থাকছে কড়াকড়ি। ৪ মে, অর্থাৎ ফল ঘোষণার দিন, রাজ্যের সমস্ত জেলাতেই সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি থাকবে।
প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা—নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে এই সিদ্ধান্ত। পাশাপাশি জানানো হয়েছে, কোথাও পুনর্নির্বাচন হলে সেখানেও একই নিয়মে দোকান বন্ধ রাখা হবে।
অতএব, ‘শেষ বিকেলের পেগ’ আপাতত তুলে রাখতে হবে তাকেই। ভোটের কড়া নিয়মে কয়েকদিনের জন্য থামছে ‘রঙিন তরল’-এর প্রবাহ। কী ভাবছেন? স্টকে রাখবেন?









Post Comment