insta logo
Loading ...
×

রাম নবমীর মিছিলে বাধা দেয়নি প্রশাসন, তাহলে বিজেপি আন্দোলন করছে কেন? প্রশ্ন তৃণমূলের

রাম নবমীর মিছিলে বাধা দেয়নি প্রশাসন, তাহলে বিজেপি আন্দোলন করছে কেন? প্রশ্ন তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

রাম নিয়ে লঙ্কা কাণ্ড পুরুলিয়ায়। রাম নবমীর মিছিলের অনুমতি নাকি দেওয়া হয়নি, এই অভিযোগ তুলে বুধবার সন্ধ্যা থেকেই উত্তাল পুরুলিয়া শহর। বিজেপি নেতারা সহ বেশ কিছু হিন্দু সংগঠনের সদস্যরা সদর থানায় অবস্থান বিক্ষোভও করেন। শহর জুড়ে রব ওঠে রাজ্য সরকার হিন্দু বিরোধী তাই এই সিদ্ধান্ত। বুধবার পুরুলিয়া সদর থানায় এসে এমনই মন্তব্য করেন পুরুলিয়ার তৃণমূল বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়।

তিনি বলেন, “পুরুষোত্তম রাম আমাদের মর্যাদা। আমাদের ভাবাবেগ। আমরা বলেছি যাবতীয় নিয়ম নীতি মেনে রামনবমীর মিছিল আয়োজন করব। আমরা প্রথম থেকেই বলে আসছি, শান্তিপূর্ণ মিছিল আয়োজন হোক।”

তাহলে কি পুলিশ রাম নবমীর মিছিলে বাধা সৃষ্টি করছে? শহর জুড়ে ছড়াতে থাকে গুজব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ময়দানে নামেন পুরুলিয়া আসনে তৃণমূল প্রার্থী তথা পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিংকে নিয়ে তিনি নিজে বৃহস্পতিবার সদর থানায় উপস্থিত হন। পুলিশকে সরাসরি জিজ্ঞেস করেন বর্ষীয়ান নেতা যে কেন রাম নবমীর মিছিলে বাধা দেওয়া হয়েছে? জবাবে পুলিশ জানায় কোনরকম অনুমতি বাতিল করা হয়নি। তাদের দাবি হাইকোর্টের গাইডলাইন মেনে র‍্যালি করতে হবে, বলা হয়েছে। বলা হয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধিনিষেধ মেনে সাউন্ড সিস্টেম ব্যবহার করতে হবে। যে রুট আয়োজকরা আগে নির্ধারণ করেছেন, সেই রুট বদলানো যাবে না।

এদিকে নির্বাচনী বিধিতে কেমন সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে তা নিয়ে জনমানসে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি। এমন দাবি করে জেলা শাসক বিভ্রান্তি দূর করতে ব্যবস্থা নিন, বলছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি।
অন্যদিকে তৃণমূলের দাবি, পুলিশ এখন নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে, ফলে এই বিষয়ে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই।

জেলা যুব তৃণমূল সভাপতি গৌরব সিং বলেন, “পুলিশ এখন নির্বাচন কমিশনের আওতায়। জেলায় অশান্তি পাকানোর চেষ্টা কোনমতেই বরদাস্ত করা হবে না। রাম নবমীর মিছিলের অনুমতি বাতিল করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। অকারণ বিষয়টি জল ঘোলা করা হচ্ছে।

সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ” রাম নবমীর মিছিলে আপত্তি যখন তোলেনি পুলিশ, তখন আন্দোলন কেন? তৃণমূলের দাবি, জয়পুরে মূর্তি ভাঙা কাণ্ডে বিচ্ছিরি ফেঁসে গিয়ে নজর ঘোরাবার চেষ্টা করছে বিজেপি।”

Post Comment